জয়পুরহাটের কালাইয়ে রবি মৌসুমে সরিষার আবাদ বাড়াতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্যে বীজ ও সার বিতরণ শুরু হয়েছে। এবার উপজেলার ৩ হাজার ৩০০ কৃষককে এ সহায়তার আওতায় আনা হয়েছে, যা এ পর্যন্ত সর্বোচ্চ বরাদ্দ বলে জানিয়েছে কৃষি বিভাগ।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে উপজেলা পরিষদ চত্বরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে কৃষকদের হাতে এসব উপকরণ তুলে দেওয়া হয়।
উপজেলা কৃষি কর্মকর্তা হারুনুর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ফয়সাল আহমেদ।
এ সময় বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল-মাহবুব, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মওদুদ আলমসহ অন্যান্য অতিথিরা।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সরিষার উৎপাদন বাড়ানো এবং কৃষকদের চাষাবাদে উৎসাহিত করতে সরকার এ প্রণোদনা কর্মসূচি বাস্তবায়ন করছে। এর আওতায় এবার কালাই উপজেলায় ৩ হাজার ৩০০ কৃষককে সহায়তা দেওয়া হচ্ছে। এর আগে সর্বোচ্চ ১ হাজার ৩০০ কৃষক এ সুবিধা পেয়েছিলেন। ফলে এবার উপকারভোগীর সংখ্যা আগের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেড়েছে।
বক্তারা আরও বলেন, সরকারি প্রণোদনার বীজ ও সার যথাযথভাবে কাজে লাগিয়ে কৃষকরা সরিষার আবাদ বাড়াবেন, এমনটাই প্রত্যাশা। একই সঙ্গে বরাদ্দকৃত বীজ অন্য কাজে ব্যবহার না করে জমিতে বপনের আহ্বান জানান তারা।
উপজেলা কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, ২০২৬-২০২৭ অর্থবছরের রবি মৌসুমে সরিষা চাষে আগ্রহী প্রত্যেক কৃষককে ১ কেজি সরিষার বীজ এবং ২০ কেজি সার বিনামূল্যে দেওয়া হচ্ছে। এর মাধ্যমে উপজেলায় সরিষার আবাদ ও উৎপাদন বৃদ্ধির আশা করছে কৃষি বিভাগ।