মিল্কি ওয়েতে দেখা মিলেছে ঘূর্ণায়মান এক বস্তুর। যা দেখে রীতিমত তাজ্জব হয়ে গেলেন জ্যোতির্বিজ্ঞানীরা। তাদের মতে, এটি অনেকটা ভৌতিক বস্তু। কেননা এর আগে কখনও মহাকাশে এ ধরণের কোনো বস্তু দেখা যায়নি।
মিল্কিওয়ে গ্যালাক্সিতে খুঁজে পাওয়া ঐ বস্তুটি পর্যবেক্ষণ করে দেখা গেছে, প্রতি ১৮ মিনিটে এটি বিপুল শক্তির রেডিও তরঙ্গ নির্গমণ করে যার স্থায়ীত্ব এক মিনিট। আর এর মারাত্মক শক্তিশালী চৌম্বক ক্ষেত্র রয়েছে। শুধু তাই নয়, প্রায়ই কয়েক ঘণ্টার জন্য এটি পর্যবেক্ষণের বাইরে চলে যাচ্ছে। এটি কেন হচ্ছে তার কোনো কারণই খুঁজে পাচ্ছেন না বিজ্ঞানীরা।
মহাকাশে প্রায়ই এই ধরণের শক্তি নির্গত হতে দেখা যায়। বিজ্ঞানীরা বলছেন, মহাকাশে যেসব বস্তু রেডিও তরঙ্গ ছাড়ে সেগুলো নথিভুক্ত করা হয়। এ ধরনের বস্তুকে সাধারণত ‘ট্রান্সিয়েন্টস’ বলা হয়। তবে প্রায় এক মিনিট ধরে বিপুল পরিমাণ শক্তি নির্গত করার ঘটনাকে অস্বাভাবিক বলছেন তারা।
ঘূর্ণায়মান ঐ বস্তুটি প্রথম আবিষ্কার করেন অস্ট্রেলিয়ার পার্থ শহরের কার্টিন বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী। একটি টেলিস্কোপ ও তার নিজের তৈরি করা একটি সিস্টেম ব্যবহার করে ভৌতিক বস্তুটি দেখতে পান তিনি। গবেষণায় জানা গেছে, বস্তুটি পৃথিবী থেকে প্রায় চার হাজার আলোকবর্ষ দূরে অবস্থিত। এটি সম্পর্কে বিস্তারিত জানতে জ্যোতির্বিজ্ঞানীদের একটি দল কাজ করছে বলে জানা গেছে।