সফলতার সাথে পিএইচডি থিসিস সম্পন্ন করেছেন জনপ্রিয় অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা। তাই নামের সাথে ডক্টর উপাধি যোগ হচ্ছে অভিনেত্রীর। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভক্তদের সে সুখবর দিয়েছেন তিনি।
সোমবার (২৫ আগস্ট) রাতে এক ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে এ সুখবর দেন মিথিলা। স্ট্যাটাসে দুটি ছবি আপলোড করেন।
যার একটিতে অভিনেত্রীকে দেখা যায়, জেনেভা বিশ্ববিদ্যালয়ের ফ্যাকাল্টির সামনে দাঁড়িয়ে। অন্যটিতে অভিনেত্রীর তৈরি করা থিসিসের বই।
ছবি দুটির ক্যাপশনে মিথিলা লেখেন, ‘জেনেভা বিশ্ববিদ্যালয়ে আমার পিএইচডি থিসিস সফলভাবে রক্ষা করতে পেরে আমি অত্যন্ত আবেগপ্রবণ এবং গর্বিত! এই মুহূর্তটি পাঁচ বছরের একটি যাত্রার সমাপ্তি যা তিক্ত-মিষ্টির চেয়ে কম ছিল না।’
সংগীতশিল্পী-অভিনেতা তাহসান খানের সঙ্গে বিচ্ছেদের পর ২০১৯ সালের ডিসেম্বরে কলকাতার নির্মাতা সৃজিত মুখার্জির সঙ্গে নতুন সংসার শুরু করেন অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা। তবে বেশ কিছুদিন ধরে শোনা যাচ্ছিল, মিথিলা ও সৃজিতের সম্পর্কে নাকি দূরত্ব তৈরি হয়েছে; একসঙ্গে কোথাও তাদের দেখা না মেলায় সেই গুঞ্জন আরও বেড়ে যায়।
এবার সেই গুঞ্জন কিছুটা থামিয়ে দিল সৃজিত মুখার্জি। কারণ, অভিনেত্রীর এই সাফল্যের প্রশংসা করেছেন সৃজিত।
সোমবার বিকেলে মিথিলার সেই পোস্ট নিজের ফেসবুক পেজে শেয়ার করেন সৃজিত মুখার্জি। লিখেছেন, ‘অবিশ্বাস্য অর্জন, আর একরাশ প্রশংসা!’
এর
আগে মিথিলা ও তাহসানের মেয়ে আইরার একটি বিজ্ঞাপন নিজের ফেসবুকে শেয়ার করেছিলেন সৃজিত। এমনকি ভারতীয় গণমাধ্যমেও আইরার অভিনয়ের প্রশংসা করেছিলেন তিনি।