আসছে নতুন ধারাবাহিক 'নবাব নন্দিনী'। এক ফুটবলার আর এক লড়াকু মেয়ের গল্প। তাদের বন্ধুত্ব থেকে প্রেমের গল্প নিয়েই নতুন এই ধারাবাহিক। পরিচালনায় অমিত এবং ধারাবাহিকের ক্রিয়েটিভ ডিরেকশন দেখছেন অদিতি রায়।
গল্পে মুখ্য চরিত্রে দেখা যাবে রেজওয়ান রব্বানি শেখ এবং ইন্দ্রাণী পালকে। রেজওয়ান ফুটবলার। ফুটবল খেলার পাশাপাশি যে পারদর্শী আরও অনেক কিছুতেই। খানিক স্বাধীনচেতা স্বভাবের।
প্যাশনেট একজন। ব্যক্তিগত জীবনেও যে খেলাধুলা ভীষণ পছন্দ করেন। এ রকম একটি চরিত্র পেয়ে খুশি রেজওয়ান। অপরদিকে বাবা-মায়ের আদুরে মেয়ে নন্দিনী। যে চ্যালেঞ্জ নিতে পছন্দ করে। মিষ্টি স্বভাবের এই চরিত্রটি পছন্দ করবেন দর্শক, বলে আশাবাদী ইন্দ্রাণী।
দুই মেরুর দুটো মানুষ। অথচ মন থেকে কোথাও যেন এক সুতোয় বাঁধা। নবাব এবং নন্দিনীর মিষ্টি এই প্রেমের গল্প শুরু আগামী ৮ অগাস্ট থেকে।