বলিউড অভিনেত্রী প্রীতি জিনতা যমজ সন্তানের মা হলেন।সামাজিক মাধ্যমে স্বামী জেনে গুডএনাফের সঙ্গে ছবি পোস্ট করে (বৃহস্পতিবার -১৮ নভেম্বর) খবরটি জানান এ অভিনেত্রী।
গর্ভভাড়া পদ্ধতির মাধ্যমে প্রীতি যমজ সন্তানের মা হয়েছেন বলে জানান। একটি পুত্র ও একটি কন্যা সন্তান প্রীতি জিনতার কোল আলো করে এসেছে।
প্রীতি তার পোস্টে লেখেন, ‘আজ আমি সকলের সঙ্গে একটি আনন্দের খবর শেয়ার করতে চাই । আমি এবং জেন আমাদের যমজ সন্তানকে স্বাগত জানিয়েছি।
‘কাল হো না হো’খ্যাত এ নায়িকা সন্তানদের নাম জানিয়ে লেখেন, ‘যাদের একজনের নাম জয় জিনতা গুডেনাফ ও আরেকজনের নাম জিয়া জিনতা গুডেনাফ। ’
বলিউড অভিনেত্রী প্রীতি জিনতা লেখেন, ‘আমাদের জীবনের নতুন এই অধ্যায়টি নিয়ে আমরা বেশ উচ্ছ্বসিত। এই অবিশ্বাস্য যাত্রার অংশ হওয়ার জন্য চিকিৎসক, নার্স এবং আমাদের সারোগেটকে আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা । আজ তাদের কারণেই আমরা বাবা-মা হতে পারলাম।
মার্কিন নাগরিক জেনে গুডএনাফকে ২০১৬ সালে বিয়ে করেন প্রীতি। তখন থেকে ভারত ছেড়ে যুক্তরাষ্ট্রে বসবাস শুরু করেন। বিয়ের পর দু’একটি বলিউড ছবিতে দেখা গেলেও, সিনেমা থেকে নিজেকে গুটিয়ে নেন প্রীতি জিনতা।
মাধুরী, কারিশমা, ঐশ্বরিয়া বলিউডে ফিরলেও প্রীতি কিন্তু আপাতত সিনেমায় ফিরছে না। এমনকী, ওয়েব সিরিজেও ফিরবেন না বলে জানিয়েছেন প্রীতি জিনতা। আইপিএলে প্রীতি জিনতার ক্রিকেট দল পাঞ্জাব কিংস নিয়েই ব্যস্ত তিনি।