ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের ৭নং ওয়ার্ডের টাকুর মোড় থেকে কাজীবাড়ীর চার রাস্তার মোড় হয়ে বড়দিয়া আলিয়া মাদরাসা থেকে উত্তরপাড়্ ঈদগাহ মাঠ হয়ে উত্তর পাড়া বাবু মাষ্টারের বাড়ী পর্যন্ত কর্দমাক্ত জরাজীর্ণ সড়কটি সংস্কারের মাধ্যমে পাকাকরণ এবং যানবাহন চলাচলের উপযোগী করার দাবিতে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেছে কোমলমতি শিক্ষার্থীরা।
রবিবার (১০ আগষ্ট) দুপুরে বড়দিয়া দাখিল মাদরাসা সংলগ্ন স্থানে মানববন্ধনে অংশগ্রহণকারীরা অবিলম্বে কাদাযুক্ত কাঁচা সড়কটি সংস্কার করে পাকাকরণের মাধ্যমে যানবাহন চলাচলের উপযোগী করে তৈরির আহ্বান জানান।
এ সময় শিক্ষার্থীরা অবিলম্বে কয়েক হাজার গ্রামবাসীর চলাচলের একমাত্র সড়কটিকে কাঁচা সড়ক থেকে পাকাকরণের মাধ্যমে ইউএনওসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট দাবি জানান। কর্মসূচিতে শিক্ষার্থীদের সাথে যোগ দেন গ্রামবাসীরা। এতে এলাকার কয়েক'শ মানুষ অংশগ্রহণ করেন।
ফারুক মিয়া বুলু এবং আবুল হোসেনের সার্বিক তত্ত্বাবধানে এতে বক্তব্য রাখেন, বড়দিয়া দাখিল মাদরাসার ভারপ্রাপ্ত সুপার এ, বি, এম, মহিউদ্দিন, অত্র মাদ্রাসার শিক্ষার্থী নুসরাত জাহান, হোরেরহাট বাজার কমিটির সভাপতি মোস্তফা মাতুব্বর, ফারুক মিয়া বুলু মাষ্টার, আবুল হোসেন, মেরিনা আক্তার, প্রমুখ।
কোমলমতি শিক্ষার্থীরা বলে, প্রচন্ড বৃষ্টির ফলে কাঁচা সড়কটির বিভিন্ন জায়গায় বড় বড় গর্তের সৃষ্টি হয়ে কাদাঁপানি জমে গেছে। এর ফলে প্রতিদিন কাঁদাপানি পাড়ি দিয়ে বিদ্যালয়ে যেতে হচ্ছে। সড়কটিতে চলাচলের অনুপযোগী হওয়ায় আমরা স্কুল শিক্ষার্থীদের যাতায়াতে খুব কষ্ট হচ্ছে।
আওয়ামী সরকার থাকার কারণে এই মাদ্রাসার রাস্তাটি গত ১৬ বছর সংস্কার হয়নি, প্রতিদিনই ছোট বড় দুর্ঘটনা ঘটছে। এই এলাকার পাঁচটি গ্রামের জনসাধারণ এই রাস্তার উপর নির্ভরশীল এখান দিয়েই তাদের যাতায়াত করতে হয়।
তারা আরো বলেন, এ ছাড়া বৃদ্ধ ও গর্ভবতী নারীদের চিকিৎসা সেবা কেন্দ্রে যাতায়াতে খুবই ভোগান্তির শিকার হতে হয়। আমরা অবিলম্বে রাস্তাটির সংস্কার করে জনসাধারণ ও যানবাহন চলাচলের ব্যবস্থা করতে সড়ক কর্তৃপক্ষের নিকট আবেদন জানাচ্ছি।