জাজিরায় আওয়ামী লীগের দুপক্ষের সংঘর্ষের সময় ককটেলের আঘাতে এক যুবক গুরুতর আহত।
নিরব তাহসান, শরীয়তপুর
eshomoy.com || 2024-03-28
শরীয়তপুর,জাজিরা
শরীয়তপুরের, জাজিরা উপজেলায় আওয়ামী লীগের দুপক্ষের সংঘর্ষের সময় ককটেলের আঘাতে সজিব মুন্সী নামে এক যুবকের পেটের নাড়িভুঁড়ি বেরিয়ে যায়। বুধবার রাত ১০টার দিকে উপজেলার বিলাসপুর ইউনিয়নের মহরখাঁর কান্দি এলাকায় এঘটনা ঘটে। স্থানীয়রা তাকে জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করেন।
আহত সজিব মুন্সী উপজেলার মিয়া চাঁন মুন্সীকান্দি গ্রামের মোহাম্মদ আলী মুন্সীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার রাতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে জাজিরা উপজেলা আওয়ামী লীগের সদস্য ও বিলাসপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আব্দুল কুদ্দুস বেপারীর সমর্থক এবং সাবেক যুবলীগ নেতা আব্দুল জলিল মাদবর সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষের সময় দুপক্ষের সমর্থকরা ককটেল বিস্ফোরণ ঘটায়। এসময় সজিব মুন্সীর শরীরে ককটেল বিস্ফোরিত হয়। বিস্ফোরণে তার পেটের নাড়িভুঁড়ি বের হয়ে যায়। তাৎক্ষণিক স্থানীয়রা তাকে জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। চিকিৎসকরা তার অবস্থা আশঙ্কাজনক দেখে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করে।
এর আগেও তাদের মধ্যে বেশ কয়েকবার সংঘর্ষের ঘটনায় মামলা-হামলা হয়েছে।