জামালপুরের মাদারগঞ্জে মুদি দোকান জোরপূর্বক দখল করায় উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. হেলাল উদ্দিনসহ তিন নেতাকর্মীকে আটক করেছে যৌথবাহিনী। মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হাসান আল মামুন জানান, সোমবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে এই আটক কার্যক্রম পরিচালিত হয়।
আটককৃতরা হলেন- মাদারগঞ্জ উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. হেলাল উদ্দিন, সদস্য শফিকুল ইসলাম ও যুবদল কর্মী সোহাগ মিয়া। তারা ২০২১ সালে নাজমুল হাসানসহ চারজনের ক্রয়কৃত জোনাইল বাজারের ৪টি দোকান জোরপূর্বক দখল করে সেখানে ওএমএস চালের গোডাউন স্থাপন করে। স্থানীয়ভাবে সমস্যার সমাধান না হওয়ায় দোকান মালিক নাজমুল হাসান আইনশৃঙ্খলা বাহিনীর কাছে অভিযোগ করেন।
মাদারগঞ্জ উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোখলেছুর রহমান বিষয়টি জানেন এবং জেলা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানান। জেলা যুবদলের আহ্বায়ক সজিব খানের মোবাইলে কল পাওয়া যায়নি। মাদারগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মঞ্জুর কাদের বাবুল খান এই ঘটনার সত্যতা যাচাই করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন।
মাদারগঞ্জ মডেল থানার ওসি মো. হাসান আল মামুন জানিয়েছেন, আটক তিনজনকে মামলা মামলা দিয়ে আদালতে পাঠানো হবে।
জেএইচ/ইডি