টাঙ্গাইলের ভূঞাপুরে ২০ লিটার দেশীয় চোলাই মদ ও ১টি অটোরিকশা জব্দ করলো পুলিশ। জনতার ধাওয়া খেয়ে মদ রেখে পালালো রিকশা চালক ও এক ব্যবসায়ী দম্পতি।
বুধবার (২২ জানুয়ারি) সকাল সাড়ে ৮ টার দিকে উপজেলার চিতুলিয়াপাড়া গ্রামের জামে মসজিদের সামনে থেকে ২০ লিটার (১০প্যাকেট) বাংলা চোলাই মদ ও রিকশাটি আটকে রেখে পুলিশের নিকট হস্তান্তর করে জনতা। এসময় ধাওয়া খেয়ে পালিয়ে যায় চালক সহ মদ ব্যবসায়ী দম্পতি আনোয়ার ও খালেদা।
প্রত্যক্ষদর্শী মো. ইউসুফ বলেন, দীর্ঘদিন ধরে গোপনে চিতুলিয়া পাড়া এলাকায় কোরবান আলীর ছেলে আনোয়ার ও স্ত্রী খালেদা বাংলা দেশিয় চোলাই মদ বিক্রি করে আসছিলেন। বেশ কিছুদিন ধরে আমি তাদেরকে ফলো করি। আজ সকাল আনুমানিক সাড়ে ৮ টার দিকে মসজিদের সামনে একটি অটো রিক্সা দেখতে পাই, আমার সন্দেহ হলে তাকে চ্যালেঞ্জ করি পরে রিক্সাচালক ও মদ ব্যবসায়ী আনোয়ার ও তার স্ত্রী খালেদা পালিয়ে যায়।
পরে গ্রামের লোকজন জড়ো হলে খবর পেয়ে ভূঞাপুর থানার এস আই কামরুল হাসান এর নেতৃত্বে পুলিশের একটি দল এসে মদ ও অটোরিকশা উদ্ধার করে নিয়ে যায়। এর আগে বিক্ষুদ্ধ জনতা রিক্সাটি আগুনে পুড়িয়ে দেয়।
ভূঞাপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম রেজাউল করিম জানান, জনতার হাতে ২০ লিটার মদ আটকের খবর শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। পরে ঘটনাস্থলে ওই ব্যবসায়ী দম্পতিকে পাওয়া না গেলেও মদের ব্যাগ ও ১টি অটোরিকশা উদ্ধার করে থানায় আনা হয়।। আর তাদেরকে দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।