গাজীপুর মহানগরীর পূবাইল থানা পুলিশ অভিযান চালিয়ে ৩২ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করেছে। শনিবার (০৬ জুন) রাতে পূবাইল থানার মাজুখান নীমতলী ব্রিজের কাছের একটি নির্মাণাধীন কালভার্টের সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন— পূবাইলের ৩৯ নং ওয়ার্ডের হায়দরাবাদ দিলারটেক এলাকার সবুজ মজুমদারের ছেলে মোঃ শান্ত মজুমদার (১৯), মৃত রফিকুল ইসলামের ছেলে মোঃ সজিব (১৯) এবং হায়দরাবাদ দক্ষিণপাড়া এলাকার মৃত মহর আলীর ছেলে মোঃ শাহীন আলম (২৫)।
পুলিশ জানায়, রাতে বিশেষ অভিযান পরিচালনাকালে ইয়াবা বিক্রির উদ্দেশ্যে অবস্থান নেওয়ার সময় হাতেনাতে এই তিনজনকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে মোট ৩২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
পূবাইল থানা পুলিশের অফিসার ইনচার্জ আতিকুর রহমান জানান , গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর আজ রোববার (০৭ জুন) দুপুরে তাদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।