মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় ছনকা উচ্চ বিদ্যালয়ের স্থানান্তর নিয়ে ছনকা গ্রামবাসী ও উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) সঙ্গে মঙ্গলবার (২৯ এপ্রিল) বেলা ১২টায় উপজেলার বরাইদ ইউনিয়নের ছনকা বাজারে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এ সভায় গ্রামবাসীরা বিদ্যালয় স্থানান্তর সংক্রান্ত সমস্যার কথা তুলে ধরেন। তারা বলেন, নদীর পশ্চিম পাড়ের শিক্ষার্থীর সংখ্যা বেশি এবং নদী পারাপার অত্যন্ত দুর্গম ও ঝুঁকিপূর্ণ। গ্রীষ্ম ও বর্ষার সময় শিশুরা প্রচণ্ড রোদ ও ঝুঁকি নিয়ে নদী পার হয়। সরকারের সিদ্ধান্ত অনুযায়ী বিদ্যালয়টি নদীর পশ্চিম পাড়েই স্থাপন করা হোক—এটাই তাদের দাবি।
উপজেলার ধলেশ্বরী নদীর পূর্ব পাড় থেকে পশ্চিম পাড়ে বিদ্যালয় স্থানান্তর করা নিয়ে দুইদিন যাবত বরাইদ ইউনিয়নের ছনকা উচ্চ বিদ্যালয়ের শ্রেণিকক্ষে তালা ঝুলছে ও পাঠদান বন্ধ রয়েছে। এতে দুই পাড়ের বাসিন্দাদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে এবং প্রায় ২৫০ জন শিক্ষার্থীর ভবিষ্যৎ নিয়ে চিন্তিত অভিভাবকরা।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইকবাল হোসেন, সহকারী কমিশনার (ভূমি) তানভীর আহমদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ফকির জাকির হোসেন, উপজেলা প্রকৌশলী মো. ইমরুল হাসান, অফিসার ইনচার্জ মোঃ শাহিনুল ইসলামসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা।
এ ছাড়া উপস্থিত ছিলেন ছনকা উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি মো. শাহজাহান, ম্যানেজিং কমিটির সভাপতি মো. খোরশেদ আলম, বরাইদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গাজী মো. আব্দুল হাই, বরাইদ ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য আবুল হোসেন, প্রধান শিক্ষক আব্দুস সালাম, ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মো. জয়নাল আবেদীন, ছাত্রদল সভাপতি মো. জাহিদ হাসানসহ হাজারো গ্রামবাসী।