সিংগাইরে চাঞ্চল্যকর আজগর হত্যা মামলার প্রধান আসামী আল-আমিনকে (৪৭) গ্রেপ্তার করেছেন সিংগাইর থানা পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা মেট্রোপলিটন এলাকার কামরাঙ্গির চর থানাধীন গাবতলী বাস টার্মিনালের জান্নাত বিরিয়ানী হাউজ-২ থেকে অদ্য ০৯/৬/২৫ তারিখ বিকাল ০৪.৩০ ঘটিকায় সিংগাইর থানার উপ পুলিশ পরিদর্শক সাব-ইন্সপেক্টর পার্থ শেখর ঘোষ জয়মন্ডপ ইউনিয়নের রায়দক্ষিণ এলাকার আজগর হত্যা মামলার ১ নং আসামী মোঃ আলামিন(৫২)কে অত্যন্ত সাহসিকতার সাথে গ্রেফতার করেন।
গ্রেপ্তারকৃত আল-আমিন উপজেলার পূর্ব রায়দক্ষিণ গ্রামের মৃত কালু প্রামানিকের ছেলে।
গত ২৯ এপ্রিল সন্ধ্যা ৭ টারদিকে উপজেলার জয়মন্টপ ইউনিয়নের পূর্বরায়দক্ষিণ এলাকার আজগর আলীকে (৫৫) নৃশংসভাবে কুপিয়ে হত্যা করে আল-আমিন ও তার সহযোগীরা। এ ঘটনায় নিহতের ছেলে আইয়ূব খান বাদী হয়ে আল আমিনকে প্রধান আসামি করে ৫ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেন। থানা পুলিশ হত্যার সাথে জড়িত থাকার অভিযোগে এর আগে মীর হোসেন, মানিক, রাকিবুল হাসান পিন্টু ও আসলাম হোসেন নামের ৪ জনকে গ্রেফতার করে।
পুলিশ আরো জানায়, জেলা পুলিশ সুপার মোসা. ইয়াছমিন খাতুনের দিক নির্দেশনায় থানার ওসি জেওএম তৌফিক আজমের পরামর্শক্রমে দীর্ঘ ১ মাস চেষ্টা চলাকালে হঠাৎ গোপন সংবাদের ভিত্তিতে সিংগাইর থানার পুলিশ উপ-পরিদর্শক পার্থ শেখর ঘোষ সঙ্গীয় ফোর্স নিয়ে আলামিনের অবস্থান নিশ্চিত করে সোমবার দুপুরে গাবতলী বাস টার্মিনাল থেকে তাকে আটক করেন।
সিংগাইর থানার অফিসার ইনচার্জ (ওসি) জেওএম তৌফিক আজম বলেন, গ্রেফতারকৃত আসামি আল আমিনকে আগামীকাল মঙ্গলবার বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে। সেই সঙ্গে বাকি আসামিদেরও গ্রেফতারে জোর চেষ্টা চলছে বলে জানান তিনি।
উল্লেখ্য, আজগরের ৩য় শ্রেনীতে পড়ুয়া নাতনীকে (মেয়ের ঘরের সন্তান) স্কুলে যাওয়া -আসার পথে উত্যক্ত করতো স্থানীয় চিহ্নিত মাদক ব্যবসায়ী আল আমিন। এ ঘটনায় গত ২৯ এপ্রিল ভিকটিমের মা বাদী থানায় যৌন হয়রানির অভিযোগে নারী ও শিশু নির্যাতন আইনে ১০ ধারায় মামলা দায়ের করেন । পুলিশ আল আমিনকে গ্রেপ্তার করতে অভিযান চালায়। মামলার খবর পেয়ে ক্ষিপ্ত হয়ে মঙ্গলবার সন্ধ্যায় আল আমিনের নেতৃত্বে ১০-১২ জন প্রকাশ্যে ফিল্ম স্টাইলে জয়মন্টপ ইউনিয়নের রায়দক্ষিণ পূর্ব পাড়া (সিনহা মেডিকেলের পশ্চিম পাশে) কবরস্থান সংলগ্ন নিয়তের মুদি দোকান ঘরের সামনে কুপিয়ে আজগরকে হত্যা করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিলে সেখানে তার মৃত্যু হয়।