ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট ক্যাম্পাস প্রতিনিধি:-
ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের লতিফ ছাত্রাবাস ভবনে গুরুতর কাঠামোগত ঝুঁকি চিহ্নিত করেছে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের (ইইডি) বিশেষজ্ঞ টিম। আজ শনিবার ভবনটির সুপারস্ট্রাকচারের নিরাপত্তা পরীক্ষা করতে টিমটি সাইট পরিদর্শন করে প্রাথমিক মূল্যায়ন প্রতিবেদন প্রদান করে।
প্রতিবেদনে বলা হয়, নিচতলার কোনো কলামই নির্ধারিত PSI (compressive strength) মান ধরে রাখতে সক্ষম নয়। এ কারণে ভবনের মূল লোড-বহন ক্ষমতা মারাত্মকভাবে দুর্বল হয়ে পড়েছে।
এ ছাড়া ভবনের চতুর্থ তলাকে ‘ক্রিটিক্যাল কন্ডিশন’ বা উচ্চ ঝুঁকিপূর্ণ হিসেবে শনাক্ত করেছে বিশেষজ্ঞরা। তাদের মতে, তলাটি যেকোনো সময় ধসে পড়ার বাস্তব সম্ভাবনা রয়েছে।
জরুরি পরিস্থিতি বিবেচনায় পরিদর্শনকারী টিম দ্রুততম সময়ে পুরো ভবন খালি করা এবং নিরাপত্তা নিশ্চিতে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণের সুপারিশ করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে।