সময়ের চাকা আরও এক পাক ঘুরে এল। বাংলা বর্ষপঞ্জিতে আজ রোববার শুরু হলো ১৪৩১ সনের দিন গণনা। বাঙালির জীবনে বৈশাখ মাসের এই প্রথম দিনটি কেবল বর্ষ শুরুর সূচনা দিনেই সীমিত নয়। নতুন বছরের নতুন দিনটি উদ্যাপিত হয় সবচেয়ে বড় উৎসবের উপলক্ষ হিসেবে। ঋতুভিত্তিক এই অসাম্প্রদায়িক উৎসবে অংশ নেন দেশের ধর্ম, বর্ণ, গোত্র, ধনী, নির্ধন-নির্বিশেষে সব শ্রেণি-পেশার মানুষ।
দিনে দিনে দেশের গণ্ডি পেরিয়ে বিস্তার ঘটেছে বৈশাখী উৎসবের। বিশ্বের বিভিন্ন দেশে বসবাসকারী বাংলাভাষী মানুষও সেসব দেশে তাঁদের সামর্থ্য অনুযায়ী পয়লা বৈশাখে নববর্ষ উদ্যাপনের উৎসব আয়োজন করছেন। ফলে পয়লা বৈশাখের এই উৎসব হয়ে উঠেছে বাঙালির জাতিসত্তা ও সংস্কৃতি উদ্যাপনের এক বিপুল বর্ণাঢ্য মহোৎসব।
নতুন বছর মানেই একটি নতুন সম্ভাবনা। নতুন বছরে, নতুন দিনের এই উদ্যাপনে পুরোনো বছরের ব্যর্থতার গ্লানি, অক্ষমতার আক্ষেপ কাটিয়ে নতুন উদ্যমে দেশ, জাতি, সমাজ ও ব্যক্তিজীবনের সমৃদ্ধি অর্জনের প্রেরণাও থাকবে। প্রত্যয় থাকবে সব প্রতিবন্ধকতা অতিক্রম করে প্রগতির পথে দৃপ্ত পদক্ষেপে এগিয়ে যাওয়ার
রাজধানী ঢাকায় আজ সকাল থেকেই মানুষের ঢল নেমেছে রাজপথে। পোশাকে থাকছে লাল-সাদার প্রাধান্য। নারীরা লাল-সাদা শাড়ি, কাচের চুড়ি, দুল-মালায় বাঙালিয়ানার সাজে সেজেছেন। পুরুষের গায়ে থাকছে অনুরূপ রং-নকশার পাঞ্জাবি। অনেকের মাথায় শোভা পাচ্ছে লাল-সবুজ জাতীয় পতাকার ছাপ দেওয়া ব্যান্ড। তাঁরা ছায়ানটের প্রভাতি অনুষ্ঠানের গান শুনে, মঙ্গল শোভাযাত্রায় পায়ে পা মিলিয়ে, উদ্যানে, লেকের পাড়ে, ঘুরে-ফিরে বেড়িয়ে, আড্ডা দিয়ে, বিকেলে শহীদ মিনারে সম্মিলিত সাংস্কৃতিক জোটের অনুষ্ঠান উপভোগ করে ঘরে ফিরবেন।
বেড়ানো আর সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি খাওয়া- দাওয়াতেও আজ সবাই বাংলার ঐতিহ্যবাহী নানা রকমের পদগুলো রান্নায় সচেষ্ট হবেন। সকালের নাশতা বা দুপুরের ভোজে অনেকের পাতে উঠবে পান্তাভাত আর ইলিশ ভাজা। সঙ্গে থাকবে হরেক রকমের ভর্তা-ভাজি, ডাল, ঘন্ট, টক- ঝাল, ঝোলের সুস্বাদু ব্যঞ্জন। বাদ পড়বে না মিষ্টিও।
বাংলা নববর্ষ উপলক্ষে বরাবরের মতোই রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন। বাণীতে তাঁরা দেশবাসীকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে দেশের শান্তি ও সমৃদ্ধি কামনা করেছেন।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাঁর বাণীতে বলেন, 'বৈশাখ শুধু উৎসবের মধ্যে সীমাবদ্ধ নয়। এর সঙ্গে জড়িয়ে আছে আমাদের আত্মবিকাশ ও বেড়ে ওঠার প্রেরণা।।