বিশ্ববিদ্যালয়ের সকল ছাত্রদের মাঝে আমরা ইসলামের দাওয়াত পৌছে দিবো বলে মন্তব্য করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ইসলামি ছাত্রশিবির শাখার সভাপতি ইকবাল হোসেন।
সোমবার (২৮ অক্টোবর) পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে রাজধানীর একটি কমিউনিটি সেন্টারে আলোচনা সভায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, সকল বাঁধা উপেক্ষা করে আমরা আমাদের আদর্শ ও নৈতিক চরিত্রের মাধ্যমে সামনের দিকে এগিয়ে যাবো। আওয়ামী নর পিশাচদের মত আর কোন অশুভ শক্তি যেন বাংলার বুকে আর মাথা চাড়া দিয়ে উঠতে না সে ব্যাপারে আমাদের অগ্রণী ভূমিকা রাখতে হবে। ২৮ অক্টোবর পল্টন ট্রাজেডি দিবসের সকল শহীদের শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা কামনা করছি। সেই সাথে ২৪ এর বিপ্লবে নিজের জীবনকে উৎসর্গ করে যেসব ভাই আমাদের স্বাধীনতা এনে দিয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করছি।
জবি ছাত্রশিবির সেক্রেটারি জনাব মো: আসাদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি মো: মাকসুদুর রহমান।
প্রধান অতিথির বক্তব্যে জনাব মাকসুদুর রহমান বলেন, আমাদের এ ক্যাম্পাস শহীদের রক্তস্নাত মাটি। এই মাটিতে আমার ভাইদের রক্ত ঝরেছে। সুতরাং এখানে ইসলামের বিজয় সুনিশ্চিত। শহীদের রক্ত যে ক্যাম্পাসে ঝরেছে সেই ক্যাম্পাসের ভাইয়েরা একদিন জাতীয় জীবনে গুরুত্বপূর্ণ ভুমিকা রাখবেন ইনশাআল্লাহ।
অনুষ্ঠানে ২০২৪ এর শহীদ ইকরামুল হক কাউছার এর স্মৃতিচারণ করেন শাখা সাহিত্য ও প্রকাশনা সম্পাদক জনাব মাইনুদ্দিন আহমেদ। এসময় বিশ্ববিদ্যালয় শাখার অন্যান্য দায়িত্বশীলবৃন্দ উপস্থিত ছিলেন।