জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের (ছাত্রদল) পক্ষ থেকে ফলজ, ঔষধি ও ফুলের গাছ রোপণ করা হয়েছে।
আজ সোমবার (২১ জুন) বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মোঃ মাহামুদুল হাসান খান (মাহমুদ)-এর উদ্যোগে এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়।
ডা. জুবাইদা রহমান-এর জন্মবার্ষিকী উপলক্ষে এবং বিশ্ব পরিবেশ দিবস (৫ জুন) উপলক্ষে কেন্দ্রীয় ছাত্রদল ঘোষিত ১৫ দিনব্যাপি কর্মসূচির অংশ হিসেবে এই বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। এ কার্যক্রমে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল এবং সদস্য সচিব শামসুল আরেফীন-এর নির্দেশনা ছিল।
এ সময় মাহামুদ বলেন, “বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সবসময়ই এই মাটির মানুষের অধিকার, পরিবেশ ও ভবিষ্যৎ প্রজন্মের সুরক্ষায় অঙ্গীকারবদ্ধ। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে আমরা পরিবেশের ভারসাম্য রক্ষায় কাজ করে যাচ্ছি। আমাদের আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমান যে বৃক্ষরোপণ কর্মসূচি হাতে নিয়েছেন, তা বাস্তবায়নে আমরা সর্বদা সচেষ্ট। ছাত্রদল শুধু রাজনৈতিক অধিকার আদায়ে নয়, জাতীয় জীবনের প্রতিটি মানবিক ও প্রগতিশীল ইস্যুতে অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে।”
তিনি আরও বলেন, “পরিবেশ রক্ষা বর্তমান বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ। ছাত্রদল সেই চ্যালেঞ্জকে বুকে ধারণ করেই লড়াই চালিয়ে যাচ্ছে।”
বৃক্ষরোপণ কর্মসূচিতে ছাত্রদলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন এবং ক্যাম্পাসের পরিবেশ রক্ষায় সক্রিয় অংশগ্রহণের অঙ্গীকার করেন।