ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদের কোষাধ্যক্ষ পদে নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. এইচ এম মোশারফ হোসেন।
রোববার (২১ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান তাকে এ পদে নিয়োগ দেন।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মুনসী শামস উদ্দিন আহম্মদ স্বাক্ষরিত এক নিয়োগপত্রে বিষয়টি জানানো হয়।
এতে বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) গঠনতন্ত্রের ৬ (এ) অনুচ্ছেদ অনুযায়ী উপাচার্য আপনাকে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ২০২৫-এর কোষাধ্যক্ষ হিসেবে মনোনয়ন প্রদান করেছেন।
প্রসঙ্গত, গত ৯ সেপ্টেম্বর ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে সহসভাপতি (ভিপি) পদে নির্বাচিত হয়েছেন সাদিক কায়েম। আর সাধারণ সম্পাদক (জিএস) পদে নির্বাচিত হয়েছেন এস এম ফরহাদ। আর গঠনতন্ত্র অনুযায়ী ডাকসুর সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য।