জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) বিভিন্ন রুটে চলা বাসগুলোর অধিকাংশে নেই অগ্নিনির্বাপক যন্ত্র ও ফার্স্টএইড বক্স। এ অবস্থায় দুর্ঘটনার ঝুঁকিতে রয়েছে বিশ্ববিদ্যালয়ের হাজারো শিক্ষক-শিক্ষার্থী।
সরেজমিনে দেখা যায়, জবি থেকে বিভিন্ন রুটে চলাচলকারী কিছু বাসে ফার্স্ট এইড বক্স থাকলেও তাতে নেই প্রাথমিক চিকিৎসার প্রয়োজনীয় সামগ্রী। কোনো বাক্সে রাখা হয়েছে কাগজপত্র, কোথাও আবার বাক্সের ঢাকনাটাই উধাও।
অন্যদিকে বেশিরভাগ বাসে অগ্নিনির্বাপক যন্ত্র ও ফার্স্ট এইড কোনোটিই নেই। কয়েকটি বাসে অগ্নিনির্বাপক যন্ত্র থাকলেও কীভাবে ব্যবহার করতে হয় তা জানা নেই নিয়মিত বাসে চলাচলকারীদের। অগ্নিনির্বাপক যন্ত্র ও ফার্স্ট এইড বক্স ঘিরে এমনই অভিযোগ উঠেছে সাধারণ শিক্ষার্থীদের মাঝে।
জবি-মাওয়া রুটে চলাচলকারী আড়িয়াল বাসের চালক মাজহারুল ইসলাম বলেন, এই বাসে কোনো অগ্নিনির্বাপক যন্ত্র নেই। ফার্স্ট এইড বক্স যেটা দেখছেন ওটা এই বাসে চলাচলকারী স্টুডেন্টরা নিজেরা ম্যানেজ করছে।
সমাজকর্ম বিভাগের শিক্ষার্থী শরিফুল হাসান বলেন, নারায়নগঞ্জ থেকে ক্যাম্পাসে আমাকে ভার্সিটির বাসে আসতে হয়। রাস্তায় কোনো দূর্ঘটনা হলে দূর্ঘটনায় প্রাথমিক ভাবে চিকিৎসা নেওয়ার কোনো উপকরণ বাসে নেই। প্রশাসনের কাছে দাবি থাকবে দ্রুতই যেন বিষয়টির সমাধান হয়।
লোকপ্রশাসন বিভাগের শিক্ষার্থী রিকুব হোসেন বলেন, আমাদের বাসে কোনো অগ্নিনির্বাপক যন্ত্র নেই। রাস্তায় কখন দূর্ঘটনা হয় সেটা তো বলা যায়না। কিছু বাসে অগ্নিনির্বাপক যন্ত্র থাকলেও যন্ত্রের ব্যবহার জানেনা অনেকেই। এই বিষয়েগুলোর দ্রুত সমাধান আশা করছি।
পরিবহন পুলের প্রশাসক অধ্যাপক ড. সিদ্ধার্থ ভৌমিক বলেন, 'আমি এই বিষয়ে কথা বলেছি। এগুলো কেন্দ্রীয়ভাবে দিবে।'