বরিশাল বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে প্রথমবারের মতো আয়োজিত হতে যাচ্ছে TEDx ইভেন্ট। TEDxUniversity of Barishal এর জন্য লাইসেন্স প্রাপ্তির পর সম্প্রতি এই ঘোষণা দিয়েছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের লাইসেন্স প্রাপ্ত ২ মেধাবী শিক্ষার্থী সাফায়েত উল্লাহ এবং মোহাম্মদ ইউসুফ, উভয়েই ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের ২০১৯-২০ সেশনের শিক্ষার্থী।
সম্ভাব্য ২০২৫ সালের পহেলা জানুয়ারি TEDxUniversity of Barishal ইভেন্টটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ইভেন্টটিতে নেতৃত্ব দিবেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের ২০১৯-২০ বর্ষের শিক্ষার্থী ও বরিশাল বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাবের সাধারণ সম্পাদক সাফায়েত উল্লাহ। ইভেন্টটিতে কো-অর্গানাইজার হিসাবে দায়িত্বে থাকবেন একই বিভাগের শিক্ষার্থী মোহাম্মদ ইউসুফ।
এ বিষয়ে জানতে চাইলে ইভেন্টটির মূল অর্গানাইজর সাফায়েত উল্লাহ জানান, আজকের এই মুহূর্তে বরিশাল বিশ্ববিদ্যালয়ের জন্য একটি নতুন অধ্যায়ের সূচনা করতে পেরে আমি গভীর আনন্দিত। আমরা প্রথমবারের মতো TEDx ইভেন্ট আয়োজন করতে যাচ্ছি, যা আমাদের সকলের জন্য একটি বড় গর্বের বিষয়। আমাদের লক্ষ্য ছিল এমন একটি মঞ্চ তৈরি করা, যেখানে আমাদের শিক্ষার্থীরা তাদের সৃজনশীল চিন্তা এবং উদ্ভাবনী ধারণাগুলো বিশ্বমঞ্চে তুলে ধরতে পারে।
ইভেন্টটির কো-অর্গানাইজার মোহাম্মদ ইউসুফ এ বিষয়ে বলেন, আমরা আমাদের বরিশাল বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো TEDx ইভেন্ট আয়োজন করতে যাচ্ছি, এবং এটি আমাদের সকলের জন্য অত্যন্ত গর্বের বিষয়। আমাদের স্বপ্ন ছিল বরিশাল বিশ্ববিদ্যালয়কে এমন একটি মঞ্চে নিয়ে আসা, যেখানে আমাদের মেধাবী শিক্ষার্থীরা তাদের চিন্তা, ধারণা, এবং উদ্ভাবনকে সবার সামনে তুলে ধরতে পারে। আজ সেই স্বপ্ন বাস্তবায়নের পথে, এবং এটি সম্ভব হয়েছে আপনাদের সকলের সমর্থনের জন্য। TEDxUniversity of Barishal ইভেন্টে আমরা স্থানীয় এবং আন্তর্জাতিক পর্যায়ের বক্তাদের আমন্ত্রণ জানাবো, যারা তাদের অভিজ্ঞতা এবং সফলতার গল্প শেয়ার করবেন। যদিও ইভেন্টের নির্দিষ্ট তারিখ এখনও চূড়ান্ত হয়নি, আমরা পরিকল্পনার প্রতিটি ধাপেই অত্যন্ত যত্নের সাথে কাজ করছি।
তিনি আরো জানান, আমরা বিশ্বাস করি, এই ইভেন্টটি বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য একটি নতুন দিগন্ত উন্মোচন করবে, যেখানে তারা তাদের চিন্তাধারার প্রসার ঘটাতে পারবে এবং বিশ্বব্যাপী নতুন নেটওয়ার্ক গড়ে তুলতে পারবে। আসুন, আমরা সবাই মিলে এই উদ্যোগকে সফল করি এবং বরিশাল বিশ্ববিদ্যালয়ের নামকে আরও উজ্জ্বল করি।
প্রসঙ্গত TEDx হল একটি অলাভজনক সংস্থা যা স্থানীয় কমিউনিটিতে নতুন এবং উদ্ভাবনী ধারণাগুলি ছড়িয়ে দেওয়ার জন্য কাজ করে থাকে। মূলত প্রযুক্তি, বিনোদন, এবং ডিজাইনের উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত হলেও, TEDx বর্তমানে বিস্তৃত বিষয়ে আলোচনা করে থাকে।