লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার ৭ নম্বর বামনী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে এক অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৯ আগস্ট) রাতে তাম্বুর স্কুলসংলগ্ন পাটওয়ারী বাড়ির পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে ওই এলাকায় এক যুবকের মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
স্থানীয়দের ধারণা, নিহত ব্যক্তি ভবঘুরে বা ছিন্নমূল শ্রেণির হতে পারেন। তবে এখন পর্যন্ত তার পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
প্রাথমিকভাবে স্থানীয়দের মধ্যে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক তার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ওই যুবকের মৃত্যু হয়ে থাকতে পারে। তবে পুলিশের পক্ষ থেকে এ বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য দেওয়া হয়নি।
পুলিশ জানিয়েছে, নিহত যুবকের পরিচয় শনাক্তের পাশাপাশি তার মৃত্যুর প্রকৃত কারণ খতিয়ে দেখা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্তের পর মৃত্যুর কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।
এদিকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধারের ঘটনায় স্থানীয় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নিহতের পরিচয় শনাক্তে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে।