ফুল সজ্জিত গাড়িতে রাজকীয় বিদায় প্রধান শিক্ষকের
ইসময় ডেস্ক
eshomoy.com || 2025-06-18
শিক্ষকের বিদায়|ইসময়|
নোয়াখালী জেলা শহরের পুলিশ কেজি স্কুল অ্যান্ড কলেজে মঙ্গলবার (১৭ জুন) দুপুরে এক ব্যতিক্রমধর্মী আয়োজনের মধ্য দিয়ে বিদায় জানানো হলো প্রধান শিক্ষক আফম রহমত উল্লাহকে। দীর্ঘ কর্মজীবনের শেষে তাকে ‘ফুল সজ্জিত গাড়িতে রাজকীয় বিদায়’ দেওয়া হয়। বিদায়ের এই আয়োজন দেখে অশ্রুসিক্ত হয়ে পড়েন তিনি।
বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত বিদায়ী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নোয়াখালীর পুলিশ সুপার ও বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি মো. আব্দুল্লাহ-আল-ফারুক, যিনি বলেন, “বিদায়ের বেদনা লাঘবে এমন আয়োজন করা হয়েছে।” ফুলের মালা, পাপড়ি ছিটানো, স্মৃতিচারণ এবং সম্মাননা উপহার তুলে দেওয়ার পর তাকে সাজানো গাড়িতে বাড়ি পৌঁছে দেওয়া হয়। তার পেছনে মোটরসাইকেলে সহকর্মী শিক্ষকরা যাত্রা করেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রধান শিক্ষক আফম রহমত উল্লাহ ছিলেন একজন আদর্শ, দায়িত্বশীল এবং মানবিক গুণসম্পন্ন শিক্ষক। তার নেতৃত্বে বিদ্যালয়টি শিক্ষা ও শৃঙ্খলার মানে উন্নত হয়েছে।
নিজ অনুভূতিতে তিনি বলেন, “এ সম্মান আমি কখনও ভুলবো না। জীবনের শেষ দিন পর্যন্ত এই ভালোবাসা হৃদয়ে থাকবে।”
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবু তৈয়ব মো. আরিফ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মোহাম্মদ ইব্রাহীম, ও সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ফয়েজ উদ্দীন। বিদায়ী সংবর্ধনায় শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী ও অভিভাবকরাও উপস্থিত ছিলেন।
জেএইচ/ইডি