সব সময় সব খানে


সোমবার, নভেম্বর ২৩, ২০২৬

৯ অগ্রহায়ণ ১৪৩৩

সব সময় সব খানে!
সোমবার, নভেম্বর ২৩, ২০২৬
৯ অগ্রহায়ণ ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> তরুণদের মাদকমুক্ত সমাজ গড়ার আহ্বান হাজী আব্দুস সাত্তারের

>> সমাজসেবক আহাদুর রহমান কামরুল ও সাংবাদিক মাহদী রহমানকে সংবর্ধনা দিল মুহাম্মাদিয়া ইসলামী যুব সমাজ

>> জিয়াউর রহমান বাংলাদেশের ভিত্তি স্থাপন করে গেছেন, মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু

>> সিরাজগঞ্জে অটোটেম্পু ও অটোরিক্সা শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচনের তফসিল ঘোষণা, ভোট গ্রহণ ৪ ডিসেম্বর

>> হাতীবান্ধায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

>> তেঁতুলিয়ায় ৬৪ শতক জমি নিয়ে বিরোধ, দখলচেষ্টার অভিযোগ

>> হাতীবান্ধায় জমির ধান কাটাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১২

>> জেল হত্যা দিবস ঘিরে সিরাজগঞ্জে রাতভর পুলিশের বিশেষ টহল

>> নোয়াখালীতে সন্ত্রাসবিরোধী মামলায় কৃষক দল নেতা গ্রেপ্তার

>> নোয়াখালীতে ছাত্রদলের নবগঠিত কমিটির আনন্দ শোভাযাত্রা

আপনি পড়ছেন : নোয়াখালী

শিশুর গলায় আটকে থাকা পয়সা বের করে মায়ের মুখে হাসি ফোটালেন হাতিয়ার স্বাস্থ্যকর্মী


মামুন রাফী, নোয়াখালী

eshomoy.com || 2026-11-14 15:56
শিশুর গলায় আটকে থাকা পয়সা বের করে মায়ের মুখে হাসি ফোটালেন হাতিয়ার স্বাস্থ্যকর্মী
শিশুর গলায় আটকে থাকা পয়সা বের করে মায়ের মুখে হাসি ফোটালেন হাতিয়ার স্বাস্থ্যকর্মী

প্রাতিষ্ঠানিকভাবে বড় কোনো ডিগ্রি নেই, তবে রয়েছে দীর্ঘদিনের কাজের অভিজ্ঞতা। হাসপাতালের প্রয়োজনীয় যন্ত্রপাতির সীমাবদ্ধতার মধ্যেই বিশেষ কৌশল প্রয়োগ করে দুই বছর বয়সী এক শিশুর খাদ্যনালিতে আটকে থাকা পাঁচ টাকার পয়সা বের করেছেন বিমান চন্দ্র আচার্য। তাঁর এই উদ্যোগের পর শিশুটি স্বস্তি ফিরে পেলে কান্নায় ভেঙে পড়েন মা। ঘটনাটি জানাজানি হলে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশংসায় ভাসছেন এই স্বাস্থ্যকর্মী।


শুক্রবার (১৩ নভেম্বর) রাতে নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার উপজেলা সদর ওছখালীতে এ ঘটনা ঘটে। শিশুটির নাম ফায়জা (২)। সে উপজেলার চরকিং ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ফজলুর রহমান ও সিমা আক্তার দম্পতির মেয়ে। বিমান চন্দ্র আচার্য হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপসহকারী মেডিকেল অফিসার হিসেবে কর্মরত।


শিশুটির মা সিমা আক্তার জানান, বাড়িতে খেলতে গিয়ে তাঁর মেয়ে একটি পাঁচ টাকার পয়সা গিলে ফেলে। এরপর থেকেই শিশুটি বমি করতে থাকে। একপর্যায়ে বমির সঙ্গে রক্তও বের হয়। প্রথমে স্থানীয় চিকিৎসকের কাছে নেওয়া হয়। পরে তাকে হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। এরই মধ্যে শিশুটি অচেতন হয়ে পড়ে বলে দাবি করেন তিনি।


সিমা আক্তার বলেন, সরকারি হাসপাতালের একাধিক চিকিৎসকের কাছে গেলেও প্রয়োজনীয় সহায়ক যন্ত্রপাতির অভাব ও পরিস্থিতির জটিলতার কারণে কেউ পয়সাটি বের করার উদ্যোগ নেননি। তাঁরা শিশুটিকে দ্রুত নোয়াখালী জেলা সদর হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন। কিন্তু রাতের বেলায় নদী পেরিয়ে জেলা সদরে যাওয়া সম্ভব না হওয়ায় মেয়ের জীবন নিয়ে দিশেহারা হয়ে পড়েন তিনি।


পরে স্থানীয়দের পরামর্শে শিশুটিকে উপজেলা সদরের একটি ফার্মেসির পেছনে অবস্থিত বিমান চন্দ্র আচার্যের চেম্বারে নিয়ে যান স্বজনেরা। সেখানে উপস্থিত সবার সম্মতি নিয়ে তিনি বিশেষ একটি পদ্ধতিতে শিশুটির খাদ্যনালিতে আটকে থাকা পয়সাটি বের করেন বলে জানা গেছে।


বিমান চন্দ্র আচার্য জানান, এ কাজে তিনি একটি বিশেষ রাবারের পাইপ ব্যবহার করেন, যার মাথায় বেলুনের মতো অংশ রয়েছে। পাইপটি শিশুর গলায় প্রবেশ করিয়ে তাতে পানি দেওয়া হয়। এতে পাইপের মাথার বেলুনের মতো অংশটি ফুলে ওঠে। পরে সেটি টেনে বের করার সময় পয়সাটি আটকে বেরিয়ে আসে। এর আগেও একই পদ্ধতিতে কয়েকজনের গলায় আটকে থাকা পয়সা বের করেছেন বলে জানান তিনি।


মেয়ের অবস্থা স্বাভাবিক হতে দেখে আবেগাপ্লুত হয়ে হাউমাউ করে কাঁদতে থাকেন মা সিমা আক্তার। এ সময় চেম্বারের সামনে ও আশপাশের সড়কে উৎসুক মানুষের ভিড় জমে যায়। পরে সামাজিক যোগাযোগমাধ্যমেও বিমান চন্দ্র আচার্যের প্রশংসা করে অনেকে পোস্ট দেন।


এ বিষয়ে হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার চিকিৎসক ইউছুফ সোহাগ বলেন, শিশুটির মা তাকে হাসপাতালে নিয়ে এসেছিলেন। এক্স-রে প্রতিবেদনে পয়সাটি খাদ্যনালিতে আটকে থাকার বিষয়টি দেখা যায়। এ ধরনের পয়সা বের করতে নাক-কান-গলা (ইএনটি) বিশেষজ্ঞের প্রয়োজন। এ কারণে শিশুটিকে নোয়াখালী জেলা সদর হাসপাতালে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছিল। পরে তিনি শুনেছেন, বিমান চন্দ্র আচার্য পয়সাটি বের করেছেন। তাঁর এ উদ্যোগ প্রশংসার দাবি রাখে।