পটুয়াখালীর দশমিনা উপজেলায় ‘অপারেশন ডেভিল হান্ট’ নামক বিশেষ অভিযানে যুবলীগের ৬ নেতাকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। শুক্রবার (১৮ জুলাই) বিষয়টি নিশ্চিত করেন দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল আলীম।
এর আগে বুধবার (১৭ জুলাই) রাত থেকে শুরু করে বৃহস্পতিবার রাত পর্যন্ত চলা এ অভিযানে অভিযুক্তদের নিজ নিজ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন—বাঁশবাড়িয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন (৫৩), একই ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন (৪০), ৩ নম্বর ওয়ার্ডের যুগ্ম সাধারণ সম্পাদক শাহিন শিকদার (৪০), উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক জহির খলিফা (৪০), মৎস্যজীবী লীগের সিনিয়র সহসভাপতি মো. শাহিন (৩৫) এবং আলীপুর ইউনিয়নের ওয়ার্ড যুবলীগ সভাপতি আজাহার আকন (৫৩)।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, ২০২২ সালের ৬ মার্চ বিকেলে বেতাগী সানকিপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে বিএনপির একটি ইউনিয়ন কাউন্সিল চলাকালে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সেখানে হামলা ও ভাঙচুর চালায়। এতে বিএনপির শতাধিক নেতাকর্মী আহত হন। ঘটনার প্রায় দুই বছর পর, চলতি বছরের ১৩ ফেব্রুয়ারি বেতাগী সানকিপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সবুজ ঢালী বাদী হয়ে ৪৮ জনের নাম উল্লেখসহ আরও ৪০ থেকে ৫০ জনকে অজ্ঞাতনামা আসামি করে দশমিনা থানায় মামলা দায়ের করেন।
ওসি মো. আবদুল আলীম বলেন, “২০২২ সালের রাজনৈতিক সহিংসতা মামলার ভিত্তিতে অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান পরিচালনা করা হয়। গ্রেপ্তার ব্যক্তিদের আদালতে পাঠানো হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।