তালগাছ কেটে
ঝালকাঠিতে বাবুই পাখির ছানা হত্যার ঘটনায় প্রধান আসামি গ্রেফতার
মশিউর রহমান রাসেল,ঝালকাঠি প্রতিনিধি।।
eshomoy.com || 2025-06-29
বাবুইপাখির ছানা হত্যা মামলার প্রাধান আসামী মোবারক ফকির
ঝালকাঠিতে শতাধিক বাবুই পাখির ছানা হত্যা মামলার প্রধান আসামীকে গ্রেফতার করা হয়েছে। ঝালকাঠি গোয়েন্দা পুলিশ (ডিবি) মোবারক আলীকে পিরোজপুর জেলার নেছারাবাদ এলাকা থেকে তথ্য প্রযুক্তির মাধ্যমে রবিবার সন্ধ্যায় গ্রেফতার করে। গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন গোয়েন্দা পুলিশ পরিদর্শক (ওসি ডিবি) মো. সেলিম উদ্দিন। ঝালকাঠি জেলা পুলিশের ভেরিফায়েড ফেসবুক পেইজে তিনি এ তথ্য প্রদান করেন। ঝালকাঠি সদর উপজেলার পূর্ব গুয়াটন এলাকায় তালগাছ কেটে হত্যার ঘটনায় মামলা দায়েরের বিষয়টি জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আশরাফুর রহমান বিষয়টি রবিবার বিকেলে নিশ্চিত করেছেন।
শতাধিক বাবুই পাখির বাসা ও প্রজননের একমাত্র নিরাপদ আশ্রয়স্থল তালগাছটি শুক্রবার বিকালে একদল পাষণ্ড ব্যক্তি তালগাছটি কেটে ফেলে।
ঝালকাঠি জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আশরাফুর রহমান জানান, বাবুই পাখির বিষয়ে ঝালকাঠি সদর থানায় মোবারক আলী, মিজানুর রহমান এবং ফারুক হোসেন এই ৩ জনকে আসামী করে ৩৭৯ নং ধারায় একটি মামলা করা হয়েছে।
বণ্যপ্রাণী সংরক্ষণ আইনে বিভাগীয় বন কর্মকর্তার কার্যালয়ে POR নং ০১/ ঝাল ২০২৪-২৫ নামীয় একটি মামলা দায়ের করা হয়েছে।
গোয়েন্দা পুলিশ পরিদর্শক (ওসি ডিবি) মো. সেলিম উদ্দিন জানান, গত ২৭জুন শুক্রবার ঝালকাঠি সদর থানাধীন শেখেরহাট ইউনিয়নের পূর্ব গুয়াটন এলাকায় একটি তালগাছ কাটা হয়। উক্ত তালগাছের ডগায় ডগায় পাতার সাথে ঝুলানো ছিল বাবুই পাখির বাসা। বাবুই পাখির বাসায় ছিল শতাধিক ছানা ও ডিম। কিছু দুষ্কৃতিকারী তালগাছটি কাটার ফলে পাখির ছানা ও ডিম পানিতে পড়ে যায়। প্রাপ্ত বয়স্ক কিছু পাখি উড়ে গেলেও শতাধিক ছানা মারা যায় এবং ডিম গুলো ভেঙে যায়। এই গাছটি ছিল ঐ এলাকার বাবুই পাখির আশ্রয় ও প্রজননস্থল। তালগাছটি কেটে শতাধিক বাবুই পাখির ছানা হত্যা করার অভিযোগ করেন এলাকাবাসী। পরবর্তীতে বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। ২৯জুন রবিবার উক্ত বিষয়ে মামলা রুজু হওয়ার পর বরিশাল রেঞ্জের মাননীয় ডিআইজি মহোদয়ের নির্দেশনায় ঝালকাঠি জেলার পুলিশ সুপার মহোদয়ের পরিকল্পনায় জেলা গোয়েন্দা শাখার একটি চৌকস টীম মাত্র ০৩(তিন) ঘন্টার ব্যবধানে ঘটনার সাথে জড়িত এজাহার নামীয় প্রধান আসামী মোঃ মোবারেক আলী ফকির (৬৫) পিরোজপুর জেলার নেছারাবাদ থানা এলাকা হতে গ্রেফতার করা হয়। সে গুয়াটন এলাকার মৃত মোসলেম আলী ফকিরের পুত্র। গ্রেফতারকৃত আসামীকে আদালতে প্রেরণ এবং ঘটনার সহিত জড়িত অন্যান্য আসামীদেরকে গ্রেফতারের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান ডিবি ওসি।