বরগুনার তালতলীতে মায়ের ওপর অভিমান করে মো. ইমরান হোসেন (১৭) নামের এক কিশোর আত্মহত্যা করেছে বলে জানা গেছে। আজ রবিবার বিকেল ৫টার দিকে উপজেলার সোনাকাটা ইউনিয়নের বড় আমখোলা গ্রামে এ ঘটনা ঘটে।
ইমরান হোসেন একই গ্রামের মো. ইব্রাহিম হাওলাদারের ছেলে ও লাউপাড়া সাগর সৈকত মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র।সোনাকাটা ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য ইদ্রিসুর রহমান বলেন, ইমরানের কাছে ১০০ পেত এক দোকানি। সেই টাকা মায়ের কাছে চায় ইমরান। কিন্তু তার টাকা না দেওয়ায় অভিমান করে সে আত্মহত্যা করে।
তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে ঘটনাটিকে আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। মরাদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরগুনা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।