সব সময় সব খানে


সোমবার, নভেম্বর ২৩, ২০২৬

৯ অগ্রহায়ণ ১৪৩৩

সব সময় সব খানে!
সোমবার, নভেম্বর ২৩, ২০২৬
৯ অগ্রহায়ণ ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> তরুণদের মাদকমুক্ত সমাজ গড়ার আহ্বান হাজী আব্দুস সাত্তারের

>> সমাজসেবক আহাদুর রহমান কামরুল ও সাংবাদিক মাহদী রহমানকে সংবর্ধনা দিল মুহাম্মাদিয়া ইসলামী যুব সমাজ

>> জিয়াউর রহমান বাংলাদেশের ভিত্তি স্থাপন করে গেছেন, মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু

>> সিরাজগঞ্জে অটোটেম্পু ও অটোরিক্সা শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচনের তফসিল ঘোষণা, ভোট গ্রহণ ৪ ডিসেম্বর

>> হাতীবান্ধায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

>> তেঁতুলিয়ায় ৬৪ শতক জমি নিয়ে বিরোধ, দখলচেষ্টার অভিযোগ

>> হাতীবান্ধায় জমির ধান কাটাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১২

>> জেল হত্যা দিবস ঘিরে সিরাজগঞ্জে রাতভর পুলিশের বিশেষ টহল

>> নোয়াখালীতে সন্ত্রাসবিরোধী মামলায় কৃষক দল নেতা গ্রেপ্তার

>> নোয়াখালীতে ছাত্রদলের নবগঠিত কমিটির আনন্দ শোভাযাত্রা

আপনি পড়ছেন : সুনামগঞ্জ

নোটিশ সার্ভার থেকে অঢেল সম্পদ, শ্রীবরদীর লিটনকে ঘিরে অনুসন্ধানের দাবি


শেরপুর প্রতিনিধি

eshomoy.com || 2026-10-03
নোটিশ সার্ভার থেকে অঢেল সম্পদ, শ্রীবরদীর লিটনকে ঘিরে অনুসন্ধানের দাবি
চিত্র: লিটন মিয়া


শেরপুরের শ্রীবরদী উপজেলার গোশাইপুর ইউনিয়নের ভারেরা গ্রামের সাধারণ পরিবারের সন্তান লিটন মিয়াকে ঘিরে বিপুল সম্পদ অর্জনের নানা অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, ২০১০ সালে কর অঞ্চল-৬-এ নোটিশ সার্ভার পদে চাকরি পাওয়ার পর থেকেই তার আর্থিক অবস্থার দ্রুত পরিবর্তন ঘটে। বর্তমানে তার ও পরিবারের সদস্যদের নামে-বেনামে বিপুল সম্পদ রয়েছে বলেও অভিযোগ করছেন স্থানীয়রা।

লিটন মিয়ার বাবা আব্দুল খালেক একসময় মাছ ও সবজি বিক্রি করতেন বলে স্থানীয়রা জানান। এলাকাবাসীর ভাষ্য, আওয়ামী লীগ সরকারের সময় বিভিন্ন প্রভাবশালী ব্যক্তির সঙ্গে ঘনিষ্ঠতার পরিচয় দিয়ে লিটন এলাকায় প্রভাব বিস্তার করতেন। সরকারি চাকরি, বিভিন্ন নেতাকর্মীর ফাইল সমন্বয় ও নানা ধরনের তদবিরের মাধ্যমে তিনি বিপুল অর্থ উপার্জন করেছেন বলেও স্থানীয়দের অভিযোগ। তবে এসব অভিযোগের স্বাধীনভাবে সত্যতা যাচাই করা সম্ভব হয়নি।

স্থানীয়দের দেওয়া তথ্য ও সরেজমিন অনুসন্ধানে জানা যায়, ভারেরা গ্রামে একসময় বাবার পাঁচ শতাংশ জমির ওপর ছোট টিনের ঘর থাকলেও বর্তমানে সেখানে পাঁচতলা ভবনের ভিত্তি দিয়ে বড় বাড়ি নির্মাণ করা হয়েছে। এছাড়া শ্রীবরদী পৌরশহরের উত্তর বাজার ও শান্তিবাগ এলাকায় একাধিক বাড়ি রয়েছে বলে জানা গেছে। এসব সম্পত্তির কয়েকটি লিটনের স্ত্রী পান্না বেগমের নামে কেনা হয়েছে বলে স্থানীয় সূত্রের দাবি।

শ্রীবরদী এপিপিআই হাইস্কুলের পেছনে ‘রাহাত নিকেতন লাবিয়া ভিলা’ নামে পাঁচ কক্ষের একটি হাফ-বিল্ডিং বাড়ি রয়েছে, যা বর্তমানে ভাড়া দেওয়া হয়েছে বলে জানা যায়। উত্তর বাজার এলাকায় মহির উদ্দিনের কাছ থেকে কেনা আরেকটি বাড়িও ভাড়া দেওয়া হয়েছে বলে স্থানীয়রা জানান। একই এলাকায় দেলোয়ারের কাছ থেকে কেনা জমিতে একটি ভবনের ফাউন্ডেশন দেওয়া হয়েছে। তবে সরকার পরিবর্তনের পর ভবনটির নির্মাণকাজ অসমাপ্ত রয়েছে বলে জানা গেছে।

এদিকে শ্রীবরদীর ভায়াডাঙ্গা হাঁসধরা এলাকায় ‘লোকমান অ্যান্ড লিয়া এগ্রো ফিসারিজ’ নামে প্রায় ২২ একর জমির ওপর একটি মাছের প্রকল্প রয়েছে বলে স্থানীয়রা জানান। তাদের দাবি, প্রতি একর প্রায় ১০ লাখ টাকা দরে জমিগুলো কেনা হয়েছে। প্রকল্পে যাতায়াতের জন্য প্রায় এক কিলোমিটার সড়ক দুই পাশে আরসিসি পিলার দিয়ে নির্মাণ করা হয়েছে বলেও জানা যায়। এ ছাড়া প্রকল্পের আশপাশে আরও বড় পরিমাণ জমি বায়না-রেজিস্ট্রি করা হয়েছে বলে স্থানীয় সূত্রের দাবি।

শ্রীবরদী থেকে ভায়াডাঙ্গা যাওয়ার পথে কন্টিপাড়া এলাকায় সড়কের পাশে প্রায় আড়াই একর জমিতে ‘লুহমান এগ্রো অটো রাইস মিল’ নামে একটি প্রকল্পের জন্য জমি কিনে বাউন্ডারি নির্মাণ করা হয়েছে বলেও জানা গেছে। স্থানীয়দের দাবি, জমিটির বর্তমান বাজারমূল্য কয়েক কোটি টাকা। তবে সম্পত্তিগুলোর প্রকৃত মালিকানা, ক্রয়মূল্য ও বর্তমান বাজারমূল্য সংশ্লিষ্ট নথিপত্র যাচাই ছাড়া নিশ্চিত করা সম্ভব নয়।

স্থানীয়দের আরও অভিযোগ, লিটন মিয়ার স্ত্রী পান্না বেগমের নামে ঢাকা ও শ্রীবরদীতে বিভিন্ন সম্পদ রয়েছে। ঢাকার ধামরাইয়ে জমি এবং রামপুরা-বনশ্রী এলাকায় একটি ফ্ল্যাট রয়েছে বলেও স্থানীয় সূত্রে জানা যায়। সেখানে স্ত্রী-সন্তানদের নিয়ে বসবাস করেন বলে তারা জানান। নিজ গ্রামেও প্রায় এক একর জমি কেনা হয়েছে বলে স্থানীয়দের দাবি। যাতায়াতের জন্য একটি ব্যক্তিগত গাড়ি ব্যবহারের কথাও জানিয়েছেন তারা।

ভেরেরা গ্রামের আবু শামা বলেন, ‘লিটন এলাকায় প্রতি কাঠা দুই লাখ টাকা দরের জমি অনেক বেশি দামে কিনেছেন। প্রায় এক একর জমি সাত থেকে আট লাখ টাকা কাঠা দরে কেনার কথা আমরা শুনেছি।’

একই গ্রামের রুবেল তালুকদার বলেন, ‘ভায়াডাঙ্গা হাঁসধরা এলাকায় লিটনের মাছের প্রকল্প, কন্টিপাড়া এলাকায় জমি এবং শ্রীবরদী পৌরশহরে কয়েকটি বাড়ি রয়েছে বলে আমরা জানি। তার শ্বশুরবাড়ি কলাকান্দা ও শেরপুর শহরেও সম্পত্তি থাকার কথা শুনেছি। তার পরিবারের আর্থিক অবস্থার পরিবর্তন নিয়ে এলাকায় অনেক আলোচনা রয়েছে।’

লিটনের বাল্যবন্ধু ও গার্মেন্টসকর্মী উজ্জ্বল মিয়া বলেন, ‘আমি সাভারের একটি পোশাক কারখানায় চাকরি করি। মাঝে মাঝে ঢাকায় লিটনের সঙ্গে দেখা হয়। একবার ধামরাইয়ে দেখা হলে তাকে এখানে আসার কারণ জানতে চাই। তখন তিনি সেখানে জমি কেনার কথা জানিয়েছিলেন।’

লিটনের বাবা আব্দুল খালেক বলেন, ‘আমার দ্বিতীয় বিয়ের পর থেকে লিটনের সঙ্গে তেমন যোগাযোগ নেই। সে শুধু প্রতি মাসে সংসার খরচের টাকা পাঠায়। তার আয়, সম্পদ, বাড়ি ও জমিজমা সম্পর্কে আমি বিস্তারিত কিছু জানি না।’

অভিযোগের বিষয়ে লিটন মিয়ার বক্তব্য জানতে একাধিকবার যোগাযোগ করা হয়। প্রথমে তিনি ব্যস্ত থাকার কথা বলে পরে কথা বলবেন জানান। পরবর্তী সময়ে তিনি বলেন, ‘আমার নামে কোনো সম্পত্তি নেই। এসব বাড়ি ও মাছের প্রকল্প ব্যাংকঋণ নিয়ে করা হয়েছে।’ তবে তার বিরুদ্ধে ওঠা অন্যান্য অভিযোগের বিষয়ে বিস্তারিত বক্তব্য দিতে তিনি আগ্রহ দেখাননি।

স্থানীয়দের প্রশ্ন, সরকারি চাকরিতে একজন নোটিশ সার্ভার হিসেবে কর্মরত অবস্থায় এত বিপুল সম্পদের মালিকানা কীভাবে তৈরি হলো? এসব সম্পদের অর্থের উৎস, মালিকানা এবং ক্রয়মূল্য সম্পর্কে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নথিপত্র যাচাইয়ের দাবি জানিয়েছেন এলাকাবাসী।

তবে লিটন মিয়ার বিরুদ্ধে ওঠা অভিযোগগুলোর সত্যতা নির্ধারণে তার আয়কর নথি, সম্পদ বিবরণী, ব্যাংক হিসাব, জমির দলিল এবং অন্যান্য সংশ্লিষ্ট নথি যাচাই প্রয়োজন। অভিযোগগুলো সত্য হলে দায়ীদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া উচিত বলে মনে করছেন স্থানীয়রা।