সব সময় সব খানে


বুধবার, নভেম্বর ১১, ২০২৬

২৭ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
বুধবার, নভেম্বর ১১, ২০২৬
২৭ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> তরুণদের মাদকমুক্ত সমাজ গড়ার আহ্বান হাজী আব্দুস সাত্তারের

>> সমাজসেবক আহাদুর রহমান কামরুল ও সাংবাদিক মাহদী রহমানকে সংবর্ধনা দিল মুহাম্মাদিয়া ইসলামী যুব সমাজ

>> জিয়াউর রহমান বাংলাদেশের ভিত্তি স্থাপন করে গেছেন, মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু

>> সিরাজগঞ্জে অটোটেম্পু ও অটোরিক্সা শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচনের তফসিল ঘোষণা, ভোট গ্রহণ ৪ ডিসেম্বর

>> হাতীবান্ধায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

>> তেঁতুলিয়ায় ৬৪ শতক জমি নিয়ে বিরোধ, দখলচেষ্টার অভিযোগ

>> হাতীবান্ধায় জমির ধান কাটাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১২

>> জেল হত্যা দিবস ঘিরে সিরাজগঞ্জে রাতভর পুলিশের বিশেষ টহল

>> নোয়াখালীতে সন্ত্রাসবিরোধী মামলায় কৃষক দল নেতা গ্রেপ্তার

>> নোয়াখালীতে ছাত্রদলের নবগঠিত কমিটির আনন্দ শোভাযাত্রা

আপনি পড়ছেন : জীবনযাত্রা

সড়কবাতির আলোয় বদলে গেছে রাতের শহর লালমনিরহাট


মোঃ বিপুল ইসলাম - স্টাফ রিপোর্টার

eshomoy.com || 2026-11-10
সড়কবাতির আলোয় বদলে গেছে রাতের শহর লালমনিরহাট
জেলা শহরের সড়কে স্থাপিত আধুনিক সড়কবাতির আলোয় রাতে আলোকিত হয়ে উঠেছে পুরো শহর, বেড়েছে সৌন্দর্য ও দৃষ্টিনন্দনতা। ছবি - ই স ম য়

রাত নামলেই আধুনিক সড়কবাতির আলোয় নতুন রূপে ঝলমল করে লালমনিরহাট জেলা শহর। শহরের প্রধান সড়ক থেকে অলিগলি পর্যন্ত আলোকায়নের ফলে রাতের চলাচলে স্বস্তি বাড়ার পাশাপাশি নগরের সৌন্দর্যও বেড়েছে। দৃষ্টিনন্দন আলোকসজ্জায় মুগ্ধ হচ্ছেন পথচারী, শিক্ষার্থী, ভ্রমণপিপাসু ও বিভিন্ন শ্রেণি- পেশার মানুষ। অনেকে শহরটিকে ‘আলোর শহর লালমনিরহাট’ বলেও অভিহিত করছেন। পৌরসভার এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের মদিনাপাড়া এলাকার বাসিন্দা সংস্কৃতিকর্মী তৌহিদুল ইসলাম চঞ্চল (৪৫) বলেন, সড়কবাতির আলোয় লালমনিরহাট শহর নতুন রূপ পেয়েছে। আলো মানুষের মনে আনন্দ, স্বস্তি ও ইতিবাচক অনুভূতি সৃষ্টি করে। শহরের এমন নান্দনিক পরিবর্তন সত্যিই প্রশংসনীয়।

পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের বালাটারী এলাকার বাসিন্দা মো. শফিকুল ইসলাম (৬২) বলেন, আগে রাতে শহরের সৌন্দর্য এভাবে চোখে পড়ত না। ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু নির্বাচনের আগে শহরকে পরিকল্পিতভাবে সাজানোর যে প্রতিশ্রুতি দিয়েছিলেন, চলমান উন্নয়নকাজে তার প্রতিফলন দেখা যাচ্ছে। বিশেষ করে সড়কের মাঝখানে স্থাপিত স্ট্রিট লাইট শহরের সৌন্দর্য বাড়িয়েছে।

পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের অটোরিকশাচালক হাফিজুর রহমান (৪০) বাসসকে বলেন, সড়কে পর্যাপ্ত আলোর কারণে রাতে যানবাহন ও পথচারীদের চলাচল সহজ ও স্বস্তিদায়ক হয়েছে। পাশাপাশি আলোকায়নের ফলে অন্ধকারে মাদক সেবন ও অসামাজিক কর্মকাণ্ডের সুযোগ কমবে বলে তিনি আশা করেন।

লালমনিরহাট সরকারি কলেজের শিক্ষার্থী তন্ময় আহমেদ (১৮) বলেন, আধুনিক সড়কবাতির আলোয় রাতের লালমনিরহাট শহর নতুন রূপ পেয়েছে। দৃষ্টিনন্দন আলোকসজ্জায় তাঁর বন্ধুসহ তরুণেরা মুগ্ধ। শহরকে নান্দনিকভাবে সাজানোর এ উদ্যোগ প্রশংসনীয়।

শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল করিম সাদেকী  বলেন, সড়কবাতি স্থাপনের ফলে রাতে নাগরিকদের চলাচলে স্বস্তি ও নিরাপত্তা বাড়ছে। পাশাপাশি শহরের সৌন্দর্যও বৃদ্ধি পাচ্ছে। এ ধরনের উন্নয়নমূলক উদ্যোগকে তিনি স্বাগত জানান। শিক্ষার্থীদের মধ্যেও এ উদ্যোগ ইতিবাচক সাড়া ফেলেছে বলে উল্লেখ করেন।

সরেজমিনে দেখা যায়, জেলা শহরের রেলওয়ে স্টেশন থেকে মিশন মোড় হয়ে সার্কিট হাউস পর্যন্ত সড়কে স্থাপন করা হয়েছে ডেকোরেটিভ গার্ডেন ও স্ট্রিট লাইট। প্রতিটি পোলে রয়েছে ১৩টি করে আধুনিক বাতি। এসব বাতির আলোয় সড়কটি দৃষ্টিনন্দন হয়ে উঠেছে। এ ছাড়া শহরের অন্যান্য প্রধান সড়ক ও বিভিন্ন এলাকায়ও স্থাপন করা হয়েছে নতুন সড়কবাতি।

রংপুর বিভাগের নয়টি পৌরসভার ভৌত অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় লালমনিরহাট পৌরসভা এসব কাজ বাস্তবায়ন করছে। গত ১১ মে ২০২৬ তারিখে সড়কবাতি স্থাপন কার্যক্রমের উদ্বোধন করেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু।

পৌরসভা সূত্রে জানা গেছে, রেলওয়ে স্টেশন থেকে মিশন মোড় হয়ে সার্কিট হাউস পর্যন্ত ৫৪টি ডেকোরেটিভ গার্ডেন ও স্ট্রিট লাইট স্থাপন করা হয়েছে। এতে ব্যয় হয়েছে ৫৭ লাখ ৪৩ হাজার ৮৬৭ টাকা। এ ছাড়া শহরের অন্যান্য সড়ক ও অলিগলিতে প্রায় ২২ কিলোমিটার এলাকায় ৭৪৪টি নতুন সড়কবাতি স্থাপন করা হয়েছে। এ কাজে ব্যয় হয়েছে তিন কোটি ৬৪ লাখ টাকা। সব মিলিয়ে চারটি প্রকল্পের আওতায় এসব উন্নয়নকাজে মোট ব্যয় হয়েছে চার কোটি ২১ লাখ টাকা।

লালমনিরহাট পৌরসভার উপসহকারী প্রকৌশলী (সিভিল) মো. আতিকুর রহমান বলেন, ২০২৫ -২৬ অর্থবছরে চারটি প্রকল্পের আওতায় শহরে স্ট্রিট লাইট স্থাপন করা হয়েছে। পাশাপাশি বিভিন্ন সড়ক ও অলিগলিতে আলোকায়ন ও সৌন্দর্যবর্ধনের কাজ চলমান রয়েছে। এসব উন্নয়নকাজ পৌরসভা কর্তৃপক্ষ নিয়মিত তদারকি করছেন।

পৌরসভার কর্মকর্তা ও শহর পরিকল্পনাবিদ এ.এস.এম. আশরাফুজ্জামান তালুকদার বলেন, শহরের আরও প্রধান প্রধান সড়কে স্ট্রিট লাইট স্থাপন এবং সৌন্দর্যবর্ধনমূলক উন্নয়নকাজের পরিকল্পনা ও নকশা তৈরির নির্দেশনা দিয়েছেন স্থানীয় সংসদ সদস্য ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু।

পৌরসভার নির্বাহী কর্মকর্তা হরানন্দ রায় বলেন, আগামীতে লালমনিরহাট শহরের সৌন্দর্য আরও যুগোপযোগীভাবে বাড়বে বলে তাঁরা আশা করছেন। এ ছাড়া পৌরসভার বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প প্রস্তাবিত রয়েছে।

পৌরসভার প্যানেল মেয়র আব্দুস সালাম বলেন, স্থানীয় সংসদ সদস্য ও মন্ত্রী আসাদুল হাবিব দুলু ভাইয়ের দিকনির্দেশনায় শহরের সৌন্দর্য বৃদ্ধিতে বিভিন্ন উন্নয়নমূলক কাজ বাস্তবায়ন করা হচ্ছে। এসব আলোকায়নের ফলে সড়কে নাগরিকদের চলাচলের নিরাপত্তা বাড়ার পাশাপাশি শহরের সৌন্দর্যও বৃদ্ধি পাচ্ছে। আগামীতে আরও সড়কে এ ধরনের দৃষ্টিনন্দন আধুনিক সড়কবাতি স্থাপনের পরিকল্পনা রয়েছে।

উল্লেখ্য, জেলা প্রশাসন কার্যালয় সূত্রে জানা যায়, ১৯৭২ সালের ২০ জানুয়ারি প্রতিষ্ঠিত ৯টি ওয়ার্ডের লালমনিরহাট পৌরসভার আয়তন ১৭ দশমিক ৯৫ বর্গকিলোমিটার। ২০০৫ সালে পৌরসভাটি প্রথম শ্রেণিতে উন্নীত হয়। ২০২২ সালের জনশুমারি অনুযায়ী, পৌরসভার জনসংখ্যা ৬৭ হাজার ৩৫৫ জন। একই জনশুমারি অনুযায়ী, সদর উপজেলার জনসংখ্যা ৩ লাখ ৭৩ হাজার ৪৬৩ জন। এর মধ্যে ৯১ হাজার ৩৭১ জন পৌরসভার বিভিন্ন সুযোগ-সুবিধা নিয়ে থাকেন। সব মিলিয়ে মোট প্রায় ১ লাখ ৫৮ হাজার ৭২৬ জন পৌরসভার নাগরিকসেবা ভোগ করেন। এ ছাড়া জেলার পাঁচ উপজেলার মানুষ চিকিৎসা, শিক্ষা, ব্যবসা-বাণিজ্য, আদালত ও সরকারি-বেসরকারি বিভিন্ন কাজে প্রতিদিন জেলা শহরে আসেন। জেলার মোট জনসংখ্যা ১৪ লাখ ২৮ হাজার ৪০৬ জন।