বাজার নিয়ন্ত্রণে ভোক্তা অধিকারের পাশাপাশি দেশের প্রতিটি জেলায় টাস্কফোর্স গঠন করা হয়েছে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
শনিবার (২৬ অক্টোবর) ‘কনশাস কনজ্যুমার্স সোসাইটি’ (সিসিএস) আয়োজিত ভোক্তা অধিকার সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তরুণদের উদ্দেশ্যে আসিফ মাহমুদ বলেন, "বাংলাদেশে কৃষির বাজার অনেক বড় এবং এটি জিডিপির প্রায় ১৫ শতাংশ অবদান রাখে। যারা কৃষি নিয়ে কাজ করতে চান, তাদের জন্য এটি একটি দারুণ সুযোগ। এ কাজ ব্যক্তিগত উন্নতির পাশাপাশি জনকল্যাণেও ভূমিকা রাখবে।"
তিনি আরও বলেন, "তরুণদের কৃষি সেক্টরে এগিয়ে আসার জন্য আহ্বান জানাই। সরকার সব ধরনের সহযোগিতা করবে। কোনো বাধা আসলে সরকার তা মোকাবিলা করবে।"
সম্মেলনে সিসিএস-এর নির্বাহী পরিচালক পলাশ মাহমুদ বলেন, "কোনো তহবিল নয়, নিজেদের পকেটের টাকা খরচ করে সমাজ ও রাষ্ট্রের জন্য কাজ করে যাচ্ছেন সিসিএস-এর স্বেচ্ছাসেবীরা। দীর্ঘদিন ধরে ভোক্তা অধিকার রক্ষায় সচেতনতা সৃষ্টির কাজ করে যাচ্ছে সিসিএস।"
তিনি আরও বলেন, "বর্তমানে ভোক্তা অধিকার সংস্থার জনবল অনেক কম। অনেক জেলায় মাত্র একজন বা দু’জন কর্মকর্তা নিয়েই কাজ চালানো হচ্ছে, ফলে কার্যকরীভাবে কাজ করা সম্ভব হচ্ছে না। আমরা চাই ভোক্তা অধিকারকে আরও শক্তিশালী করা হোক। মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা দেওয়া হোক এবং অন্তর্বর্তী সরকারের সময়ে জনবলও বৃদ্ধি করা হোক।"
সকাল ৯টায় শুরু হওয়া এই সম্মেলন চলবে বিকেল ৫টা পর্যন্ত। এবারের সম্মেলনে ১০ জন সাংবাদিককে ‘ভোক্তা অধিকার সাংবাদিকতা পুরস্কার’ প্রদান করা হবে। এছাড়াও দেশের প্রখ্যাত ব্যক্তিবর্গ, ৫০টি জেলা এবং ৫০টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে বাছাইকৃত ভোক্তা সংগঠকরা এই সম্মেলনে অংশ নেন।