আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদের ব্যাংক হিসাব তলব করেছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। একই সঙ্গে তার স্ত্রী আনোয়ারা বেগম, মেয়ে তসলিমা আহমেদ জামান, ছেলে মঈনুল হোসেন এবং ছেলের স্ত্রী ইসরাত জাহান বিন্তীর ব্যাংক হিসাবের তথ্যও চাওয়া হয়েছে।
এছাড়া তোফায়েল আহমেদ ফাউন্ডেশন এবং ফাতেমা জামে মসজিদের আর্থিক লেনদেন সম্পর্কিত বিবরণীও চেয়েছে বিএফআইইউ। গতকাল বুধবার দেশের সব ব্যাংকের কাছে এ বিষয়ে চিঠি পাঠানো হয়েছে।
চিঠিতে বলা হয়েছে, এসব ব্যক্তি ও তাদের স্বার্থসংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবের সব তথ্য, যেমন—হিসাব খোলার ফরম, কেওয়াইসি (গ্রাহক পরিচিতি ফরম), লেনদেনের বিবরণীসহ প্রয়োজনীয় তথ্য বিএফআইইউতে পাঠাতে হবে।
উল্লেখ্য, গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের ফলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করেন। এরপর আওয়ামী লীগের অনেক নেতাকর্মী ও বিভিন্ন পেশাজীবীর ব্যাংক হিসাব তলব ও জব্দ করার পদক্ষেপ নেওয়া হয়। এটি সেই ধারাবাহিকতার একটি অংশ বলে ধারণা করা হচ্ছে।