নতুন মামলায় গ্রেপ্তার করা হয়েছে আওয়ামী লীগের নেতাদেরসহ ১৬ জনকে। সোমবার (২০ জানুয়ারি) আদালতে তাদের নতুন করে গ্রেপ্তার দেখানো হয়।
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক সমাজকল্যাণ মন্ত্রী ডা. দিপু মনি যাত্রাবাড়ী থানার দুটি মামলায় গ্রেপ্তার হয়েছেন। একই থানার চারটি এবং মোহাম্মদপুর থানার একটি মামলায় গ্রেপ্তার করা হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানকে।
জাসদ সভাপতি ও সাবেক মন্ত্রী হাসানুল হক ইনু এবং বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সাবেক মন্ত্রী রাশেদ খান মেননকে পাঁচটি মামলায় গ্রেপ্তার করা হয়েছে।
সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে যাত্রাবাড়ী থানার সাতটি, মোহাম্মদপুর থানার একটি এবং খিলগাঁও থানার একটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।
সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে যাত্রাবাড়ী থানার দুটি ও সূত্রাপুর থানার একটি মামলায় গ্রেপ্তার করা হয়েছে। সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলামও আদাবর থানার মামলায় নতুন করে গ্রেপ্তার হয়েছেন।
সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে যাত্রাবাড়ী থানার ছয়টি, মোহাম্মদপুর থানার দুটি, সূত্রাপুর থানার দুটি এবং খিলগাঁও থানার একটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। সাবেক আইজিপি শহীদুল হককেও যাত্রাবাড়ী থানার একটি মামলায় গ্রেপ্তার করা হয়েছে।
এছাড়া, সাবেক সংসদ সদস্য হাজী মোহাম্মদ সেলিম, সাবেক সংসদ সদস্য এ বি এম ফজলে করিম চৌধুরী, চৌধুরী জাহাঙ্গীর আলম, নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম, সাব্বির আহমেদ স্বপন, মো. জুলহাস এবং সাবেক কাউন্সিলর জামাল মোস্তফাকেও গ্রেপ্তার করা হয়েছে।