‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’-এর নতুন নেতৃত্ব নির্বাচনের লক্ষ্যে তিন সদস্যের নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। এতে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পেয়েছেন লুৎফর রহমান। কমিশনের অপর দুই সদস্য হলেন ওয়াহিদুজ্জামান ও মোহাম্মদ রাকিব।
বৃহস্পতিবার সংগঠনটির ভেরিফায়েড ফেসবুক পেজে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সিদ্ধান্ত অনুযায়ী আসন্ন সম্মেলনে নেতৃত্ব নির্বাচন করতে কমিশন গঠন করা হয়েছে। নবগঠিত কমিশন শিগগিরই নির্বাচনী বিধিমালা প্রণয়ন করে প্রার্থিতা আহ্বান করবে।
প্রধান নির্বাচন কমিশনার লুৎফর রহমান সংগঠনের সাবেক সমন্বয়ক ছিলেন। বর্তমানে তিনি জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সদস্যসচিব হিসেবে দায়িত্ব পালন করছেন।
২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনে যে ‘জুলাই গণ-অভ্যুত্থান’ হয়, সেখানে ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’ মুখ্য ভূমিকা রাখে। এরপর একই বছরের ২২ অক্টোবর শহীদ মিনারে সংবাদ সম্মেলনের মাধ্যমে ১৫৮ সদস্যের সমন্বয়ক টিম বিলুপ্ত করে চার সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করা হয়। সেই কমিটির আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ, সদস্যসচিব আরিফ সোহেল, মুখপাত্র উমামা ফাতেমা এবং মুখ্য সংগঠক হন আবদুল হান্নান মাসউদ। বর্তমানে উমামা ছাড়া বাকি তিনজনই এনসিপির নেতৃত্বে রয়েছেন।
আন্দোলনের শুরুতে সংগঠনের উদ্দেশ্য ছিল কেবল কোটা সংস্কার, তবে সময়ের সঙ্গে সঙ্গে এটি রাজনৈতিক রূপ নেয় এবং অনেকেই মনে করেন এই প্ল্যাটফর্ম ‘ফ্যাসিবাদের পতন’-এ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
জেএইচ/ইডি