তথ্যমন্ত্রী ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সুস্থ হয়ে আজ বাসায় ফিরছেন। এতে এটাই প্রমাণিত হয় যে, বিএনপি দেশের স্বাস্থ্য ব্যবস্থাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে অপরাজনীতি করেছে।
১ ফেব্রুয়ারি (মঙ্গলবার) দুপুরে মন্ত্রণালয়ের সভাকক্ষে টিভি ক্যাবল অপারেটর প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
তথ্যমন্ত্রী বলেন, বিএনপি যে তার স্বাস্থ্য নিয়ে রাজনীতি করেছে, বেগম জিয়ার সুস্থতার মাধ্যমে এটিই প্রমাণিত হয়। বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছে তারা। চিকিৎসকদের প্রতি অবজ্ঞা প্রদর্শন করেছে। বলেছে বেগম জিয়াকে যদি বিদেশে নেওয়া না হয় তাহলে তার যেকোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। এই যে কথাগুলো বলেছিলো, বেগম জিয়ার স্বাস্থ্য নিয়ে তারা যে অপরাজনীতি করেছে এটিই আজকে প্রমাণিত।
বিএনপি চেয়ারপারসন হাসপাতাল থেকে বাসায় ফিরছেন, এ বিষয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি বলেন, বেগম জিয়া সুস্থ হয়ে বাসায় ফেরার যে সংবাদ এসেছে এজন্য স্বস্তি প্রকাশ করছি ও আল্লাহর কাছে প্রার্থনা করছি তিনি যেন ঘরে ফিরে যান।
তথ্যমন্ত্রী আরও বলেন, আগেও যখন খালেদা জিয়া হাসপাতালে ভর্তি হয়েছিলেন তখনও একই কথা বলেছিলেন। বিদেশ না নিলে তাকে বাঁচানো সম্ভব না, এবারও একই কথা বলেছিল। এই বিএনপি মিথ্যাচার করে, এটিই প্রমাণিত হলো বেগম জিয়ার সুস্থ হওয়ার মাধ্যমে।