বিদেশিরা ক্ষমতায় বসাবে–এমন মরীচিকার পেছনে না ঘুরে বিএনপিকে তওবা করে জনমুখী রাজনীতিতে ফিরে আসার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
তবে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তারা বিদেশিদের কাছে ধরনা দিয়ে নয়, জনগণের সমর্থন নিয়েই ক্ষমতায় এসেছিল। সামনেও জনগণের ওপর আস্থা তাদের। ২১ মার্চ (সোমবার) রাজধানীতে আলাদা অনুষ্ঠানে তারা এসব কথা বলেন।
কাগজে-কলমে নির্বাচনের বাকি আরও অনেকটা সময়। তবে দেশের চলমান রাজনীতিতে ঘুরেফিরে বারবারই আসছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আলোচনা।
সকালে সচিবালয়ে নিজ দফতরে ব্রিফিংয়ে সেতুমন্ত্রী কাদের বলেন, বিএনপি বরাবরই বিদেশিদের ওপর নির্ভর করে রাজনীতি করে আসছে। আর এসব না ভেবে সংবিধান মেনে আগামী নির্বাচনে অংশ নিতে দলটির প্রতি আহ্বান জানান তিনি।
এ সময় বিএনপির সময়কালের লোড শেডিংয়ের যুগ পেরিয়ে আজ উন্নয়নের আলোয় উদ্ভাসিত দেশের প্রতিটি জনপদ–এমনটা জানিয়ে ওবায়দুল কাদের বলেন, সবসময় জনগণের সুখ-দুঃখের সঙ্গে রয়েছেন শেখ হাসিনা। আর এ কথা বুঝতে পেরেই বিএনপি অগণতান্ত্রিক পথে হাঁটছে, চোরাগলির সন্ধান করছে। এসব বাদ দিয়ে বিএনপিকে আত্মশুদ্ধির পথে হাঁটার কথা জানান তিনি।
‘আওয়ামী লীগ সরকার গণবিরোধী, স্বাধীনতাবিরোধী এবং রাষ্ট্রবিরোধী’–বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন বক্তব্যের জবাবে ওবায়দুল কাদের বলেন, এমন হাস্যকর বক্তব্য বছরের সেরা কৌতুকের মর্যাদা পেতে পারে বলে আমি মনে করি।
আরও পড়ুন: বিএনপির সামনে কঠিন সময় আসছে: ফখরুল
এদিকে আজ জাতীয় প্রেসক্লাবের জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের আলোচনায় বিএনপির মহাসচিব পাল্টা জবাবে বলেন, অন্যের ওপর নয়, জনগণের ওপরই নির্ভর করেন তারা। আগামী নির্বাচন সুষ্ঠু হলে নিজেদের জয় সুনিশ্চিত।
এ সময় সমমনা রাজনৈতিক দল নিয়ে ঐক্যবদ্ধ আন্দোলনের ডাক দেন বিএনপি নেতারা।