বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জামিন দিতে আদালতকে বাধ্য করা হবে বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
এদিকে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, যারা বঙ্গবন্ধুকে ইতিহাস থেকে মুছে দিতে চেয়েছিল তারাই বিলীন হয়ে গেছেন।
৩০ মার্চ (বুধবার) রাজধানীতে আলাদা আলাদা অনুষ্ঠানে তারা এসব কথা বলেন।
সাংবাদিক নেতা রুহুল আমিন গাজীর কারামুক্তি অনুষ্ঠানে জাতীয় প্রেসক্লাবে যোগ দেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
এ সময় তিনি বলেন, বেগম খালেদা জিয়ার জামিন সুপ্রিম কোর্ট পর্যন্ত নাকচ করে দিয়েছেন। এভাবে বেগম জিয়া জামিন পাবেন না উল্লেখ করে দলটির মহাসচিব বলেন, প্রয়োজনে বিচারব্যবস্থাকে ন্যায়বিচার করতে বাধ্য করা হবে।
এদিকে সকালে রাজধানীর পাবলিক লাইব্রেরিতে হাসুমণির পাঠশালা আয়োজন করে দিনব্যাপী বঙ্গবন্ধু উৎসবের। উৎসবে যোগ দেন চিত্রশিল্পী ও রাজনৈতিক ব্যক্তিরা।
এ উৎসবে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, যারা পদ্মা সেতুর তৈরিতে বিরোধিতা করেছিল তারা দেশের মেগা প্রকল্পের সুফল দেখতে পাচ্ছে না।
যারা বঙ্গবন্ধুকে মুছে দিতে চেয়েছিল তারাই ইতিহাস থেকে মুছে গেছেন বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের।