ভোটের সময় দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে নির্বাচন কমিশন (ইসি) কাজ করছে বলে জানিয়েছেন অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ।
সোমবার (২০ নভেম্বর) বিকেলে রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনের সভাকক্ষে নির্বাচনকালীন বাজেট ও ব্যয় নিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে দীর্ঘ দেড় ঘণ্টার বৈঠক শেষে তিনি এসব কথা বলেন।
আরও পড়ুন- মির্জা ফখরুলের জামিন নাখোচ
ইসি সচিব জাহাংগীর আলমের সভাপতিত্বে ওই বৈঠকে বিভিন্ন বাহিনীর প্রতিনিধিরা অংশ নেন। ইসির অতিরিক্ত সচিব বলেন, দ্বাদশ নির্বাচনে ভোটের মাঠে নির্বাচনের সময়ে দায়িত্ব পালন করবেন আইনশৃঙ্খলা বাহিনীর ৭ লাখ ৪৭ হাজার ৩২২ জন সদস্য। এরমধ্যে ১ লাখ ৮২ হাজার ৯১ জন পুলিশ ও র্যাব সদস্য, আনসার বাহিনীর সদস্য থাকবেন ৫ লাখ ১৬ হাজার।
এছাড়া বিজিবির সদস্য থাকবেন ৪৬ হাজার ৮৭৬ জন ও কোস্টগার্ড সদস্য ২ হাজার ৩৫৫ জন। এই বিপুল সংখ্যক সদস্যের জন্য বাজেট কত ধরা হয়েছে- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, বাজেট চূড়ান্ত হয়নি। তারা আমাদের বাজেট জানিয়েছে। আমরা এখন সেটি পর্যালোচনা করে দেখব।

আশোক কুমার বলেন, তাদের দিক থেকে র্যাঙ্ক অনুযায়ী একজন পুলিশের সর্বনিম্ন ভাতা ৫৩৬ টাকা, সর্বোচ্চ ১২০০ টাকা। র্যাবও একই পরিমাণ পাবে। বিজিবির সর্বনিম্ন ভাতা ৪০০ টাকা, সর্বোচ্চ ১২২৫ টাকা। কোস্টগার্ড সদস্যদের সর্বনিম্ন ভাতা ৬৩৭ টাকা, সর্বোচ্চ ১৮০০ টাকা। আনসার সদস্যদের সর্বনিম্ন ভাতা ১০০ টাকা, সর্বোচ্চ ১০৫০ টাকা।
আরও পড়ুন- মিরপুরে বিআরটিসির দোতলা বাসে আগুন
তিনি বলেন, তবে এটি চূড়ান্ত কোনো বাজেট নয়। আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে এ বাজেট দেয়া হয়েছে। আমরা এটি বিবেচনা করে পরবর্তীতে চূড়ান্ত করব।
ইসময়/একে/এমআরএম