নারায়ণগঞ্জের রূপগঞ্জে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের সময় সন্ত্রাসীদের গুলিতে নব কিশালয় হাইস্কুলের দশম শ্রেণির ছাত্র রোমান মিয়া (১৭) নিহত হওয়ার ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং নারায়ণগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজীসহ ১০৫ জনকে আসামি করে রূপগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
বুধবার, নিহত রোমানের খালা রিনা বেগম এই মামলাটি দায়ের করেন।
মামলার আসামিদের মধ্যে রয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজী, তার পুত্র গোলাম মর্তুজা পাপ্পা, পিএস এমদাদুল হক দাদুল, সাবেক উপজেলা চেয়ারম্যান হাবিবুর রহমান হাবিব, ফিরোজ ভুঁইয়া, কামরুজ্জামান হীরা, এহসানুল হক কংকন, কামরুল হাসান তুহিন, মোস্তাফিজুর রহমান শাহীনসহ আরও অনেকে। মামলায় অজ্ঞাত আরও ৬০ জনকে আসামি করা হয়েছে।
রিনা বেগম জানান, ৫ আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতনের খবরে ছাত্র-জনতার আনন্দ মিছিল চলাকালে আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা পিস্তল, আগ্নেয়াস্ত্র, এবং দেশীয় অস্ত্র নিয়ে রূপগঞ্জের চনপাড়া এলাকার জনকল্যাণ স্কুলের সামনে হামলা চালায়। এই হামলায় সন্ত্রাসীরা ছাত্র-জনতাকে লক্ষ্য করে গুলি চালায় এবং ককটেল বিস্ফোরণ ঘটায়। সন্ত্রাসীদের গুলিতে রোমান মিয়া আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে পূর্বগ্রাম হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
রূপগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) জোবায়ের হোসেন মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।