দক্ষিণ আফ্রিকার শাসন থেকে নামিবিয়ার স্বাধীনতার জন্য দীর্ঘ সংগ্রামের নেতৃত্ব দিয়েছেন স্যাম নুজোমা। ১৯৯০ সালে ‘সাউথ ওয়েস্ট পিপলস অর্গানাইজেশন’ (SWAPO) এর নেতৃত্বে দেশটি স্বাধীনতা লাভ করে। এরপর তিনি স্বাধীন নামিবিয়ার প্রথম প্রেসিডেন্ট নির্বাচিত হন এবং ২০০৫ সাল পর্যন্ত দেশ পরিচালনা করেন।
অবসর গ্রহণের পরও নামিবিয়ায় তিনি অত্যন্ত জনপ্রিয় ও শ্রদ্ধার পাত্র ছিলেন। দেশটির ব্যাংকনোটে তাকে ‘জাতির পিতা’ হিসেবে সম্মানিত করা হয়েছে এবং তার ছবি স্থান পেয়েছে।
স্যাম নুজোমা জন্মগ্রহণ করেন ওভামবো গোত্রের এক দরিদ্র কৃষক পরিবারে। তিনি ছিলেন বাবা-মায়ের ১০ সন্তানের মধ্যে জ্যেষ্ঠ।
১৯৬০ সালে তিনি সাউথ ওয়েস্ট পিপলস অর্গানাইজেশনের (SWAPO) নেতা নির্বাচিত হন। একই বছর নির্বাসনে যেতে বাধ্য হন। কারণ ১৯১৫ থেকে ১৯৯০ সাল পর্যন্ত দক্ষিণ আফ্রিকার বর্ণবাদী সরকারগুলো নামিবিয়াকে নিজেদের নিয়ন্ত্রণে রেখেছিল।
২০২২ সালে তিনি সর্বশেষ জনসমক্ষে হাজির হয়েছিলেন। মৃত্যুর মধ্য দিয়ে নামিবিয়া হারাল তাদের স্বাধীনতার স্থপতিকে, যিনি আজীবন দেশের মুক্তির জন্য লড়াই করেছেন।