গাজার ভয়াবহ মানবিক পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। তিনি জোর দিয়ে বলেছেন, “আমরা গাজার মানুষদের অনাহারে থাকতে দিতে পারি না।”
টানা হামলা, খাদ্য সংকট ও ওষুধের অভাবে গাজার পরিস্থিতি এখন চরম মানবিক বিপর্যয়ের পর্যায়ে পৌঁছেছে। ব্রিটিশ পার্লামেন্টে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে পুনর্গঠন চুক্তি নিয়ে বক্তব্য রাখার সময় স্টারমার বলেন, “নিরীহ শিশুদের ওপর যেভাবে বারবার বোমা ফেলা হচ্ছে, তা একেবারেই অসহনীয়।”
মঙ্গলবার (২০ মে) আনাদোলু বার্তা সংস্থার বরাতে জানা গেছে, গাজায় ইসরায়েলের অব্যাহত হামলা ও অবরোধে প্রাণ হারিয়েছেন প্রায় ৫৩ হাজার ৬০০ ফিলিস্তিনি—যাদের বেশিরভাগই নারী ও শিশু।
ব্রিটিশ প্রধানমন্ত্রী বলেন, “আমরা দেখতে পাচ্ছি শিশুদের খাবার নেই, চিকিৎসা নেই, বেঁচে থাকার মৌলিক উপকরণ নেই। এই সংকট এখন এমন জায়গায় পৌঁছেছে, যা বিশ্ব বিবেককে নাড়িয়ে দেওয়ার মতো।”
স্টারমার আরও বলেন, ইসরায়েলের সাম্প্রতিক ত্রাণসীমা নির্ধারণ কোনোভাবেই যথেষ্ট নয়। “এই সহায়তার পরিমাণ সম্পূর্ণরূপে অপর্যাপ্ত, এটা মেনে নেওয়া যায় না,”—বলেন তিনি।
পাশাপাশি তিনি পশ্চিম তীরে বসতি স্থাপন বন্ধে যুক্তরাজ্যের কঠোর অবস্থানের কথাও পুনর্ব্যক্ত করেন এবং গাজায় আরও বেশি পরিমাণে মানবিক সহায়তা পৌঁছানোর ওপর গুরুত্বারোপ করেন।
জাতিসংঘ ও মানবাধিকার সংস্থাগুলো ইতোমধ্যেই গাজায় দুর্ভিক্ষ, চিকিৎসা ব্যবস্থা ভেঙে পড়া এবং শিশুদের মৃত্যুহারের ব্যাপারে একাধিকবার সতর্ক করেছে। এমন প্রেক্ষাপটে ব্রিটিশ প্রধানমন্ত্রীর এই বক্তব্য আন্তর্জাতিক মহলে নতুন করে আলোচনা তৈরি করেছে।
জেএইচ/ইডি