বিশ্ববাজারে টানা চার সপ্তাহ ধরে কমছে অপরিশোধিত জ্বালানি তেলের দাম। সর্বশেষ শুক্রবার ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি নেমে এসেছে ৬৪.১৩ ডলারে, যা আগের দিনের তুলনায় ৩১ সেন্ট বা ০.৫ শতাংশ কম। একই সময়ে ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের দাম কমেছে ৩৩ সেন্ট বা ০.৫ শতাংশ, দাঁড়িয়েছে ৬০.৮৭ ডলারে।
সপ্তাহজুড়ে ব্রেন্টের দরপতন হয়েছে ১.৯ শতাংশ এবং ডব্লিউটিআই-এর ২.৫ শতাংশ। বিশেষজ্ঞদের মতে, ওপেক+ জোটের সম্ভাব্য উৎপাদন বৃদ্ধির পরিকল্পনা ও যুক্তরাষ্ট্রে তেলের মজুত বাড়ার তথ্য বাজারে চাপ তৈরি করছে।
ব্লুমবার্গের প্রতিবেদন অনুযায়ী, ওপেক ও রাশিয়া-সমর্থিত দেশগুলো আগামী ১ জুন বৈঠকে জুলাই থেকে দৈনিক ৪.১১ লাখ ব্যারেল উৎপাদন বৃদ্ধির প্রস্তাব বিবেচনা করছে। যদিও সিদ্ধান্ত এখনো চূড়ান্ত নয়, তবে এ খবরে বাজারে প্রভাব পড়তে শুরু করেছে।
বিশ্লেষকরা আরও জানাচ্ছেন, ইরানের পারমাণবিক কর্মসূচিকে ঘিরে আলোচনার অগ্রগতি এবং রাশিয়ার ওপর নতুন নিষেধাজ্ঞা বিশ্ববাজারে অস্থিরতা বাড়িয়েছে। একইসঙ্গে যুক্তরাষ্ট্রে সংরক্ষণের প্রবণতা বাড়াও আস্থার ঘাটতি তৈরি করছে।
জেএইচ/ইডি