মারা গেছেন পাকিস্তানের প্রখ্যাত অভিনেত্রী আয়েশা খান। মৃত্যুর প্রায় এক সপ্তাহ পর করাচির গুলশান-এ-ইকবাল এলাকার নিজ ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছে তার ‘পচাগলা মরদেহ’। মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই পাকিস্তানের বিনোদন অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া।
৭৬ বছর বয়সী আয়েশা খান গত কয়েক বছর ধরে একা বসবাস করছিলেন। প্রতিবেশীরা দীর্ঘ সময় তার কোনো খোঁজ না পেয়ে পুলিশে খবর দেন। পরে ফ্ল্যাটে প্রবেশ করে পুলিশ তার মরদেহ উদ্ধার করে। কী কারণে তিনি নিজেকে এতটা নিঃসঙ্গ করে রেখেছিলেন, তা নিয়ে প্রশ্ন উঠেছে।
১৯৪৮ সালের ২২ নভেম্বর জন্ম নেওয়া আয়েশা খান ছিলেন পাকিস্তানের বিনোদন জগতের এক পরিচিত মুখ। তিনি জনপ্রিয় অভিনেত্রী খালেদা রিয়াসাতের বড় বোন। টেলিভিশন নাটক ‘আখরি রক’, ‘টিপু সুলতান: দ্য টাইগার লর্ড’, ‘ডালিজ’, ‘ক্র্যাকস’, ‘বোল মেরি ফিশ’, ‘এক অউর আসমান’-এর মতো জনপ্রিয় শোতে তিনি অভিনয় করেছেন। এছাড়া ‘রাজু বান গায়া জেন্টলম্যান’, ‘মুসকান’ ও ‘ফাতিমা’র মতো চলচ্চিত্রেও ছিলেন তার স্মরণীয় উপস্থিতি।
আয়েশার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর সহকর্মী শিল্পীরা সামাজিক মাধ্যমে শোক প্রকাশ ও শ্রদ্ধা জানিয়েছেন।
জেএইচ/ইডি