গোটা সমাজের সমর্থন নিয়ে হাজার হাজার মানুষের উপস্থিতিতে আজব এক বিয়ে অনুষ্ঠিত হলো চলতি জুলাই মাসে। একটি বিরল এবং জাঁকজমকপূর্ণ আয়োজনের মাধ্যমে দুই সহোদর বিয়ে করলেন একই রমণীকে। প্রাচীন ও বিলুপ্ত হয়ে যাওয়া দ্রৌপদী বিবাহ প্রথা এই দুই ভাইয়ের বিবাহের মাধ্যমে যেন আবার ফিরে এলো।
১২ জুলাই থেকে শুরু হওয়া তিনদিনব্যাপী ঐ অনুষ্ঠানে কুন্নাটি গ্রামের সুনীতা চৌহান একই সাথে শিল্লাই এলাকার প্রদীপ ও কপিল নেগীর সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হন- যা ছিল অতি প্রাচীন যুগে প্রচলিত একটি বিবাহ প্রথা। স্থানীয় লোকসংগীত, ঐতিহ্যবাহী নৃত্য, ধর্মীয় আচার আচরণ এবং লোভনীয় খাবার পরিবেশন বিবাহ অনুষ্ঠানটি সার্থক করে তুলে।
অদ্ভুত এই দ্রৌপদী বিবাহ অনুষ্ঠিত হয় ভারতের হিমাচল প্রদেশের পার্বত্য সিরমৌর জেলার হাট্টি উপজাতির একটি পরিবারের মধ্যে। বর্তমানে যা নেট দুনিয়ায় ঘুরে বেড়াচ্ছে।