মঙ্গলবার (২২ জুলাই) আসামের বঙাইগাঁওয়ে বাংলাদেশি আট নাগরিককে অবৈধভাবে সীমান্ত অতিক্রম এবং বৈধ কাগজপত্র সাথে না থাকার অভিযোগে আটক করা হয়েছে।
পুলিশের তথ্য অনুযায়ী, অভিযুক্ত ব্যক্তিরা মেঘালয় হয়ে ভারত-বাংলাদেশ সীমান্ত অতিক্রম করে অবৈধভাবে আসামে প্রবেশ করেছিল এবং কর্মসংস্থানের উদ্দেশ্যে চেন্নাই যাচ্ছিল।
নতুন বঙাইগাঁও রেলস্টেশনের সরকারি রেলওয়ে পুলিশ (জিআরপি)-র এক কর্মকর্তা বলেন, “আমরা আটজন সন্দেহভাজন বাংলাদেশি নাগরিককে অবৈধভাবে ভারতে প্রবেশ করার দায়ে আটক করেছি। তারা বাংলাদেশের জামালপুর এলাকা থেকে কাজের উদ্দেশ্যে চেন্নাই যাচ্ছিলো বলে জানিয়েছে । আমরা তাদের বিরুদ্ধে মামলা দায়ের করেছি এবং তদন্ত প্রক্রিয়া অব্যাহত রয়েছে।”
আটককৃতরা জানিয়েছে, তারা জামালপুর থেকে আগত নির্মাণ শ্রমিক এবং এটিই প্রথম তাদের ভারত সফর।
আটকদের একজন বলেন, “আমরা মেঘালয় হয়ে ভারতে প্রবেশ করেছি এবং নির্মাণ কাজের উদ্দেশ্যে চেন্নাই যাচ্ছি। এটি আমার প্রথম ভারতে আসা এবং আমি কিছুই চিনি না, আমরা শুধু কাজের জন্য এসেছি।”
পুলিশ জানিয়েছে, এই ঘটনার পেছনে কোনো মানব পাচার চক্র জড়িত থাকতে পারে বলে ধারণা হচ্ছে, যারা বাংলাদেশ ও ভারতের মধ্যে অবৈধ সীমান্ত পারাপারে সহায়তা করে থাকে। বর্তমানে পুলিশ অভিযুক্তদের পরিচয় ও অভিবাসন সংক্রান্ত তথ্য যাচাই করছে।
আটককৃতদের নাম: বাবু শেখ, আশরাফুল হক, আলামিন আলি, মামুন শেখ, মোহাম্মদ আলি, রাহুল আমিন, মুশাররফ আলি এবং আশরুল হক।
সূত্র: এনডিটিভি, ২২ জুলাই।