বুধবার (১৩ আগস্ট) স্বাস্থ্য কর্মকর্তা ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, গাজায় মানবিক সহায়তা চাইতে গিয়ে ইসরায়েলি গুলিতে অন্তত ২৫ জন নিহত হয়েছেন। অথচ ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেছেন, গাজার সবচেয়ে ঘনবসতিপূর্ণ এলাকাগুলোর একটি অংশে বড় আকারের সামরিক অভিযান চালানোর আগে তারা ফিলিস্তিনিদের এলাকাটি ছেড়ে যাওয়ার “অনুমতি” দেবেন।
নেতানিয়াহু যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরিকল্পনা অনুযায়ী গাজার ২০ লাখের বেশি বাসিন্দাদের একটি বড় অংশকে তথাকথিত “স্বেচ্ছামূলক অভিবাসনের” মাধ্যমে স্থানান্তর করতে চান। সমালোচকদের মতে, এটা জাতিগত নিধনের শামিল হতে পারে।
মঙ্গলবার ইসরায়েলি টিভি চ্যানেল i24-এ প্রচারিত এক সাক্ষাৎকারে নেতানিয়াহু বলেন, "তাদের চলে যাওয়ার সুযোগ দিন! প্রথমে সংঘর্ষ এলাকা থেকে, এরপর যদি চায় তাহলে পুরো গাজা অঞ্চল থেকেও।"
তিনি বলেন, “আমরা তাদের জোর করে বের করছি না, বরং চলে যাওয়ার সুযোগ দিচ্ছি।”
প্রত্যক্ষদর্শীরা ও নাসের এবং আওদা হাসপাতালের কর্মীরা, যারা নিহতদের মরদেহ গ্রহণ করেছেন, তাঁরা জানিয়েছেন যে, যারা সাহায্য বিতরণের স্থানে যাচ্ছিলেন বা গাজার মধ্যে ঢোকার অপেক্ষায় ছিলেন সে সকল লোকজনকে গুলি করে হত্যা করা হয়েছে।
ইসরায়েল এ বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি।
এপি।