ইউক্রেনে আবারও বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। এ হামলায় একজন নিহত হয়েছে বলে জানা গেছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন অনুযায়ী, গতকাল রাতভর ইউক্রেনের পশ্চিমাঞ্চল লক্ষ্য করে শত শত ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছুড়েছে রাশিয়া। ইউক্রেনের সেনাবাহিনী জানিয়েছে, কমপক্ষে ৬১৪টি ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে।
ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী সিবিয়া জানান, বিভিন্ন ধরনের ড্রোন, হাইপারসনিক-ব্যালিস্টিক-ক্রুজ ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছে রাশিয়া। আজ বৃহস্পতিবার, সামাজিক মাধ্যমে পোস্ট করে তিনি জানান, একটি মার্কিন ইলেকট্রনিকস ম্যানুফ্যাকচারার প্রতিষ্ঠানে আঘাত হানে রাশিয়ার ছোড়া মিসাইল। এ হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। হতাহতও ঘটেছে বলে জানিয়েছেন তিনি। তবে, প্রকৃত সংখ্যা প্রকাশ করেননি।
স্থানীয় সংবাদমাধ্যমগুলো বলছে, জাপোরিঝিয়া, নিপ্রোপত্রোভস্ক, লভিভসহ বেশ কয়েকটি এলাকায় আঘাত হেনেছে রুশ ড্রোন ও ক্ষেপণাস্ত্র। পররাষ্ট্রমন্ত্রী সিবিয়া বলেন এই হামলা আবার প্রমাণ করে দিল ইউক্রেনের কেন আধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা প্রয়োজন।