মাদাগাস্কারে ঘূর্ণিঝড় বাতসিরাইয়ের আঘাতে মোট নিহতের সংখ্যা বেড়ে ১২০ জন দাঁড়িয়েছে।
আল জাজিরার বরাতে দেশটির সরকারি ত্রাণ কর্তৃপক্ষ জানায়, অধিকাংশ নিহতের ঘটনা ঘটেছে দেশটির দক্ষিণপূর্বাঞ্চলীয় জেলা ইকোঙ্গোতে। সেখানে নিহত হয়েছেন ৮৭ জন।
ডুবে গেছে রাস্তাঘাট, থেমে আছে গাড়ি। বিচ্ছিন্ন যোগাযোগ ব্যবস্থা। বিদ্যুৎ স্টেশনও অথৈই পানির নিচে। পাশাপাশি ধসে পড়া দেয়াল আর ভেঙে যাওয়া চাল জানান দিচ্ছে ধ্বংসলীলার ভয়াবহতা। এটিই ঘূর্ণিঝড় বাটসিরাইয়ে লণ্ডভণ্ড হওয়া মাদাগাস্কার। ঘূর্ণিঝড়ে এলোমেলো হওয়া ভহিপারারা এলাকার পরদিনের সকালটি ছিল বিভীষিকাময়।
এর আগে শনিবার গভীর রাতে মাদাগাস্কারের পূর্ব উপকূলে ঘণ্টায় ১৬৫ কিলোমিটার গতিবেগে হানা দেয় ঘূর্ণিঝড়টি। প্রচণ্ড ঝড়ো হাওয়া আর প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত হয়ে পড়ে অধিকাংশ এলাকা। ঘূর্ণিঝড়ের কবলে পড়ে এ পর্যন্ত মারা গেছেন ১২০ জন। দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা অফিস জানায়, ঝড়ের কারণে গৃহহীন হয়ে পড়েছেন প্রায় ৪৮ হাজার মানুষ। আশ্রয় কেন্দ্রে সরিয়ে নেওয়া হয়েছে কয়েক হাজার বাসিন্দাকে।
এর আগে সাইক্লোন ‘অ্যানা’র আঘাতে দেশটিতে মারা যান অন্তত ৮৮ জন। আর গৃহহীন হন প্রায় দেড় লাখ মানুষ।