বিয়ের জন্য চাপ দেয়ায় এক চার সন্তানের মাকে হত্যা করার কথা পুলিশের কাছে স্বীকার করেছেন এক ব্যক্তি।
৫২ বছর বয়সী এক ইনস্টাগ্রাম বন্ধু বিয়ের জন্য চাপ দেয়ায় এবং পূর্বে নেওয়া ১.৫ লাখ টাকার ঋণ ফেরত চাওয়ায় বিরক্ত হয়ে উত্তর প্রদেশের ২৬ বছর বয়সী এক যুবক ওই বন্ধুর গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করেন বলে অভিযোগ।
পুলিশকে তিনি জানান, নিহত চার সন্তানের জননী ফিল্টার ব্যবহার করে ইন্সটাগ্রামে নিজেকে তরুণী হিসেবে উপস্থাপন করতেন, যার কারণে তিনি তাকে বিয়ে করতে অনাগ্রহী ছিলেন, যদিও তারা প্রেমের সম্পর্কে ছিলেন।
মেইনপুরী জেলার পুলিশ সুপার অরুণ কুমার সিং মঙ্গলবার (২ সেপ্টেম্বর) জানান, ১১ আগস্ট জেলার কারপরি গ্রামের কাছে একটি অজ্ঞাত নারীর মরদেহ পাওয়া যায়। গলায় শ্বাসরোধের চিহ্ন দেখে পুলিশ প্রথমে ধারণা করে তাকে হত্যা করা হয়েছে এবং ময়নাতদন্তেও তা নিশ্চিত হয়।
রাজ্যের বিভিন্ন থানায় খোঁজ করার পর পুলিশ একটি নিখোঁজ ডায়েরির ভিত্তিতে নিশ্চিত হয় ঐ নারীর নাম রানী (৫২), তিনি ফররুখাবাদের বাসিন্দা।
সিং জানান, অভিযুক্ত অরুণ রাজপুতকে চিহ্নিত করার পর জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে গেলে তিনি জানান, ইনস্টাগ্রামের মাধ্যমে ওই নারীর সঙ্গে তার পরিচয় হয় এবং দেড় বছর ধরে তারা বন্ধু ছিলেন।
পুলিশ কর্মকর্তা বলেন, "দুই মাস আগে তারা ফোন নম্বর বিনিময় করেন এবং নিয়মিত ফোনে কথা বলতে শুরু করেন। তারা কয়েকবার দেখা করেন। ১১ আগস্ট ওই নারী ফররুখাবাদ থেকে মেইনপুরী যান রাজপুতের সঙ্গে দেখা করতে। রাজপুত আমাদের বলেন, কিছুদিন ধরে নারীটি তাকে বিয়ের জন্য চাপ দিচ্ছিলেন এবং সেদিনও সেই বিষয়টি তোলেন। তিনি নারীটির নিকট থেকে প্রায় ১.৫ লাখ টাকা ঋণ করেছিলেন তাও তিনি ফেরত চাইছিলেন।"
তিনি আরও বলেন, "রাজপুত জানান, বিয়ের চাপ নিয়ে তিনি কিছুদিন ধরেই বিরক্ত ছিলেন এবং ওই নারীর ওড়না দিয়ে তাকে শ্বাসরোধ করে হত্যা করেন। এরপর তিনি তার ফোন নিয়ে সিম কার্ডটি ফেলে দেন। আমরা ফোন উদ্ধার করেছি এবং তাদের মধ্যে আদান-প্রদান হওয়া বার্তা পর্যালোচনা করেছি। রাজপুতকে হত্যা মামলায় গ্রেপ্তার করা হয়েছে।"
নারীর বয়স এই হত্যাকাণ্ডে কোনো ভূমিকা রেখেছে কি না জানতে চাইলে সিং বলেন, "অভিযুক্ত বলেছেন, ওই নারী ইনস্টাগ্রামে এমন একটি ফিল্টার ব্যবহার করতেন যা তাকে অনেক তরুণী দেখাত। প্রথমবার দেখা করার পর তিনি তার প্রকৃত বয়স জানতে পারেন। নারীটি বিবাহিত ছিলেন এবং তার সন্তানও ছিল। এসব কারণে তিনি তাকে বিয়ে করতে চাননি।"
সূত্র: এনডিটিভি।