তুরস্কের রাজধানী ইস্তাম্বুলে ৫ দশমিক শুন্য মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। ভূমিকম্প অনুভূত হওয়ার সঙ্গে সঙ্গে আতঙ্কে সাধারণ মানুষ ঘরবাড়ি ছেড়ে রাস্তায় বেরিয়ে আসেন। বৃহস্পতিবার (২ অক্টোবর) স্থানীয় সময় এ কম্পন অনুভূত হয়।
তুরস্কের দুর্যোগ ও জরুরি ব্যবস্থাপনা সংস্থা (AFAD) জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল মারমারা সাগরে, যা ইস্তাম্বুলের দক্ষিণ-পূর্বাঞ্চলে অবস্থিত। এই অঞ্চলটি একটি সক্রিয় ফল্টলাইনের পাশে হওয়ায় প্রায় ১ কোটি ৬০ লাখ মানুষের জন্য বড় ঝুঁকি হিসেবে বিবেচিত হচ্ছে।
এর
আগে গত রোববার তুরস্কের কুথায়া প্রদেশের সিমাভ এলাকায় ৫ দশমিক ৪ মাত্রার ভূমিকম্প হয়। মাটির ৮ কিলোমিটার গভীরে হওয়া সেই ভূমিকম্পের প্রভাব আশপাশের অঞ্চল কাঁপিয়ে দেয়। পরবর্তীতে আরও একটি ৪ দশমিক ০ মাত্রার আফটারশক অনুভূত হয়। তবে এসব ভূমিকম্পে হতাহতের ঘটনা ঘটেনি।
ভূতাত্ত্বিকভাবে তুরস্ক বেশ কয়েকটি প্রধান ফল্টলাইনের ওপর অবস্থিত, ফলে দেশটি বিশ্বের অন্যতম ভূমিকম্পপ্রবণ অঞ্চলের একটি। ২০২৩ সালের শুরুর দিকে দেশটির দক্ষিণ ও দক্ষিণ-পূর্বাঞ্চলে আঘাত হানা ৭ দশমিক ৮ মাত্রার ভয়াবহ ভূমিকম্পে ১১টি প্রদেশ জুড়ে ভয়াবহ ধ্বংসযজ্ঞ ঘটে। সেই ঘটনায় শুধু তুরস্কেই মারা যান ৫৩ হাজারের বেশি মানুষ এবং ধসে পড়ে হাজার হাজার ভবন। পাশাপাশি প্রতিবেশী সিরিয়াতেও প্রায় ৬ হাজার মানুষের প্রাণহানি ঘটে।
বিশেষজ্ঞদের মতে, ইস্তাম্বুল ও এর আশপাশের এলাকায় বড় ধরনের ভূমিকম্পের ঝুঁকি সবসময় বিরাজ করছে। এ কারণে জরুরি সতর্কতা এবং নিরাপত্তা ব্যবস্থাকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে।
সূত্র: রয়টার্স