ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে জানা যায়, পরপর ২টি হামলার ঘটনায় সিনেমা প্রদর্শনী বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে কানাডার অন্টারিও প্রদেশের সিনেমা হল ‘ফিল্ম ডট সিএ’।
এ
প্রসঙ্গে ওকভিলের ‘ফিল্ম ডট সিএ’ সিনেমা হলের কর্তৃপক্ষ জানিয়েছে, দক্ষিণ এশীয় চলচ্চিত্রের প্রদর্শনীকে লক্ষ্য করেই এ হামলাগুলো চালানো হয়েছে।
হামলার ঘটনায় ঋষভ শেঠি অভিনীত ‘কান্তারা: আ লেজেন্ড চ্যাপ্টার ওয়ান’ এবং পবন কল্যাণের ‘দে কল হিম ওজি’ সিনেমা দুটির শো বন্ধ করে দেয়া হয়েছে।
কানাডার সিনেমা হলে হামলার ঘটনায় হ্যাল্টন পুলিশ তদন্ত শুরু করেছে। সন্দেহভাজনদের খোঁজে চিরুনি অভিযান চালাচ্ছে প্রশাসন।
তদন্তের সিসিটিভি ফুটেজ থেকে জানা যায়, গত ২৫ সেপ্টেম্বর ভোরে প্রথম হামলাটি ঘটে। স্থানীয় সময় ভোর ৫টা ১৫ মিনিটে একটি সাদা এসইউভি গাড়ি সিনেমা হলের সামনে আসে। গাড়ি থেকে দুই ব্যক্তি বেরিয়ে সিনেমা হলের মূল দরজায় আসেন। এসময় তরল পদার্থ ও লাল রঙের গ্যাস ক্যান ব্যবহার করে তারা অগ্নিকাণ্ডের ঘটনা ঘটান।
এর
এক সপ্তাহ পর ২ অক্টোবর সিনেমা হলে দ্বিতীয়বার হামলার ঘটনা ঘটে। ওই দিন স্থানীয় সময় ভোর ১টা ৫০ মিনিটের দিকে এক সন্দেহভাজন ব্যক্তি সিনেমা হলের প্রবেশদ্বার লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছোড়ে পালিয়ে যায়।
বিভিন্ন সংবাদমাধ্যম হামলাগুলোকে স্থানীয় বিচ্ছিন্নতাবাদী বা খলিস্তানি চরমপন্থীদের সঙ্গে সম্পর্কিত বলে দাবি করছে। তবে তদন্ত শেষ না হওয়ায় হ্যাল্টন পুলিশ এখনো হামলার উদ্দেশ্য সম্পর্কে কোনো নির্দিষ্ট তথ্য সংবাদমাধ্যমে প্রকাশ করেনি।