ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁ রবিবার নতুন সরকার ঘোষণা করেছেন। আসন্ন অর্থবছরের বাজেট সংসদে উপস্থাপনের নির্ধারিত সময়ের আগে সরকার গঠন সম্পন্ন করতে তিনি নবনিযুক্ত প্রধানমন্ত্রী সেবাস্তিয়ান লেকর্নুর সঙ্গে টানা বৈঠক করেছেন। নতুন মন্ত্রিসভায় জ্যাঁ-নোয়েল ব্যারো পররাষ্ট্রমন্ত্রী পদে বহাল থাকছেন, আর বিদায়ি শ্রমমন্ত্রী ক্যাথেরিন ভত্রিন প্রতিরক্ষামন্ত্রীর দায়িত্ব নিয়েছেন। অর্থমন্ত্রী হিসেবে দায়িত্ব পেলেন প্রেসিডেন্ট ম্যাখোঁর ঘনিষ্ঠ রোলাঁ লেস্কুর।
প্যারিসের পুলিশ প্রধান লরঁ নুনিয়েজকে স্বরাষ্ট্রমন্ত্রী করা হয়েছে। তিনি দক্ষিণপন্থী রিপাবলিকান পার্টির (এলআর) ব্রুনো রেতাইয়োর স্থলাভিষিক্ত হয়েছেন। পরিবেশ রূপান্তর মন্ত্রণালয়ের দায়িত্ব নেবেন বিশ্ব বন্যপ্রাণী তহবিলের (ডব্লিউডব্লিউএফ) সাবেক ফরাসি পরিচালক মোনিক বারবুত। বিচারমন্ত্রী জেরাল্ড দারমানিন এবং সংস্কৃতিমন্ত্রী রাশিদা দাতি তাদের পদে বহাল থাকবেন।
তবে দাতি আগামী বছর দুর্নীতির অভিযোগে বিচারের মুখোমুখি হবেন।
প্রধানমন্ত্রী লেকর্নু এক্স-এ বার্তায় বলেছেন, ‘ফ্রান্সের স্বার্থের জন্য বছরের শেষের আগেই বাজেট প্রণয়নের লক্ষ্য নিয়ে একটি মিশনভিত্তিক সরকার গঠন করা হয়েছে। দেশের স্বার্থ এখন একমাত্র অগ্রাধিকার।’ গত শুক্রবার, আগের সরকারের পতনের চার দিন পর প্রেসিডেন্ট ম্যাখোঁ আবারও লেকর্নুকে সরকার গঠনের দায়িত্ব দেন।
লেকর্নু সোমবার সংসদে ২০২৬ সালের বাজেট প্রস্তাব উপস্থাপন করবেন, যা সাংবিধানিকভাবে পর্যালোচনার জন্য ৭০ দিনের সময়সীমা নির্ধারিত। লেকর্নু বলেন, তিনি সব মূলধারার রাজনৈতিক শক্তির সঙ্গে কাজ করতে চান এবং এমন একটি মন্ত্রিসভা গঠন করবেন, যারা কেবল ‘দলীয় স্বার্থে আবদ্ধ নয়।’
ফরাসি রাজনীতিতে বর্তমানে অচলাবস্থা বিরাজ করছে। ঋণ ও ঘাটতি কমাতে ইউরোপীয় ইউনিয়নের চাপের মধ্যে দেশটি বাজেট প্রণয়ন করছে। ব্যয়সংকোচনমূলক পদক্ষেপই এর আগে লেকর্নুর দুই পূর্বসূরিকে ক্ষমতা থেকে সরিয়ে দিয়েছে।
সূত্র : আলজাজিরা।