একটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবস্থার ভুলে যুক্তরাষ্ট্রে এক কিশোরকে সশস্ত্র পুলিশ হাতকড়া পরিয়েছিল। কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবস্থা ভুল করে জানায়, ওই কিশোর বন্দুক বহন করছে—অথচ তার হাতে ছিল কেবল এক প্যাকেট চিপস।
বাল্টিমোরের ১৬ বছর বয়সী শিক্ষার্থী টাকি অ্যালেন স্থানীয় সংবাদমাধ্যমকে বলেন, পুলিশ এসে হাজির হলো, প্রায় আটটি পুলিশের গাড়ি এবং তারা সবাই আমার দিকে বন্দুক তাক করে আমাকে মাটিতে শুয়ে পড়তে বলছিল।
বাল্টিমোর কাউন্টি পুলিশ ডিপার্টমেন্ট বলেছে, তাদের কর্মকর্তারা ‘তৎকালীন প্রাপ্ত তথ্যের ভিত্তিতে যথাযথ এবং আনুপাতিক সাড়া দিয়েছিলেন।
তারা আরো জানায়, এআই অ্যালার্টটি মানব পর্যালোচকদের কাছে পাঠানো হয়েছিল, যারা কোনো হুমকি খুঁজে পাননি—কিন্তু প্রিন্সিপাল সেই তথ্যটি দেখতে না পেয়ে স্কুলের নিরাপত্তা দলের সঙ্গে যোগাযোগ করেন এবং তারাই শেষ পর্যন্ত পুলিশে ফোন করেন।
তবে এই ঘটনাটি এই ধরনের প্রযুক্তির ব্যবহার সংক্রান্ত স্কুলের প্রক্রিয়াগুলো পর্যালোচনা করার জন্য কিছু মানুষের পক্ষ থেকে আহ্বান জানিয়েছে।
অ্যালেন স্থানীয় সংবাদকে বলেন, তিনি ফুটবল অনুশীলনের পর এক প্যাকেট ডরিটোস শেষ করে খালি প্যাকেটটি পকেটে রেখেছিলেন।
তিনি জানান, এর ২০ মিনিট পর সশস্ত্র পুলিশ এসে উপস্থিত হয়।
অ্যালেন বলেন, ‘তিনি আমাকে হাঁটু গেড়ে বসতে বললেন, আমাকে ধরে নিয়ে গেলেন এবং হাতে হাতকড়া পরালেন।
বাল্টিমোর কাউন্টি পুলিশ ডিপার্টমেন্ট বিবিসি নিউজকে জানিয়েছে, অ্যালেনকে হাতকড়া পরানো হয়েছিল, তবে গ্রেপ্তার করা হয়নি। এক বিবৃতিতে তারা বলেছে, ‘কোনো হুমকি নেই নিশ্চিত হওয়ার পর ঘটনাটির নিরাপদে সমাধান করা হয়।
অ্যালেন বলেন, তিনি এখন ফুটবল অনুশীলনের পর ভেতরে অপেক্ষা করেন, কারণ তিনি মনে করেন না যে ‘বাইরে যাওয়া যথেষ্ট নিরাপদ, বিশেষ করে এক প্যাকেট চিপস খেতে খেতে বা কিছু পান করতে করতে।